চট্টগ্রাম, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া উপজেলায় হিন্দু ও বৌদ্ধ মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরো ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার লাখাড়া ও কোলাগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার ওসি আমিনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তাকৃতরা জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপ-ইয়ার্ডের শ্রমিক ও এলাকার অস্থায়ী বাসিন্দা।
তবে তাদের মধ্যে ঠিক কতোজন ওয়েস্টার্ন মেরিনের শ্রমিক তা জানাতে পারেননি ওসি।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্র্মীয় উগ্রপন্থীরা। রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে।
পরদিন দুপুরে মিছিল নিয়ে পটিয়ার লাখাড়া অভয় বৌদ্ধ বিহারে হামলা চালিয়ে বুদ্ধ মূর্তিতে আগুন দেয়া হয়। হামলা হয় কোলাগাাঁও রত্নাঙ্কুর বৌদ্ধ বিহার, কোলাগাঁও নবারুণ সংঘ দুর্গা মন্দির ও জেলে পাড়া মাতৃ মন্দিরেও।
ওই ঘটনায় রোববার সন্ধ্যা পর্যন্ত ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ডের ২৬ শ্রমিককে গ্রেপ্তার করা হয়। হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় তাদের আসামি করা হয়।
উদ্ভূত পরিস্থিতিতে সোমবার এক দিনের ছুটি ঘোষণা করা হয় ওয়েস্টার্ন মেরিনে। মঙ্গলবার সকালে পুলিশের উপস্থিতিতে ওই জাহাজ নির্মাণ কারখানায় আবার কাজ শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমডি/জেকে/১৩১২ ঘ.
bdnews24