২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভোটার তালিকা হালনাগাদের পর আসন পূণর্বিন্যাস’

ভোটার তালিকা হালনাগাদ হবার পরই সংসদীয় আসনের সীমানা পূণর্বিন্যাসের কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহম্মেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 06:11 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

বগুড়া, অক্টোবর ০১ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটার তালিকা হালনাগাদ হবার পরই সংসদীয় আসনের সীমানা পূণর্বিন্যাসের কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহম্মেদ। সোমবার বগুড়ায় এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী জানুয়ারিতেই ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হয়ে যাবে। তারপরই হবে সীমানা পূণর্বিন্যাসের কাজ। এই দুটি কাজ শেষ হলেই শুরু হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতি। নির্বাচনের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ যেসব উপাদান নির্বাচনের জন্য প্রয়োজন তা আমদানির ব্যবস্থা নেয়া হয়েছে বলে বলে জানান সিইসি। ঢাকা থেকে রংপুরে যাওয়ার পথে দুপুরে বগুড়া সার্কিট হাউজে সংক্ষিপ্ত যাত্রা বিরতিকালে জেলার নির্বাচন কর্মকর্তাসহ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নির্বাচন কমিশনের প্রধান কর্মকর্তা। মতবিনিময় সভায় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম, যুগ্ম-সচিব জেসমিন আক্তার তুলি, বগুড়ার জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (রাজশাহী) মনিরুল ইসলাম, পুলিশ সুপার মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি জানান, বিগত দিনে বিভিন্ন স্থানের সংসদীয় আসনের সীমানা পূণর্বিন্যাস জনসংখ্যার ভিত্তিতে হওয়ায় অনেক এলাকার মানুষ ভৌগলিক অবস্থানের কারণে উন্নয়ন বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তারা সীমানা পূণর্বিন্যাসের দাবি জানাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০০৭ ঘ.