রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের অর্ধ শতাধিক নেতাকর্মীর নামে মামলা করেছেন ছাত্রলীগের এক নেতা।
সোমবার রাতে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম কোনো নাম উল্লেখ না করে শিবির নেতাকর্মীদের নামে এই মামলা করেন বলে জানায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ছাত্র শিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসে আড্ডা দিতে গেলে উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পরিবহন দপ্তরের সামনে চার রাউন্ড ফাঁকা গুলির শব্দ শোনা যায়।
মতিহার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাস অস্থিতিশীল করার অভিযোগে ছাত্র শিবিরের অর্ধ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে ছয়টি ধারায় মামলা হয়েছে।
বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখবেন বলে জানান মতিহার থানার ওসি আনিছুর রহমান।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য আমরা পুলিশের সহায়তা চেয়েছি।
এদিকে সোমবার দুপুরের ছাত্রলীগ-শিবিরের মুখোমুখি অবস্থানের কারণে রাতে ক্যাম্পাসের মূল গেইট, কাজলা গেইটসহ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্ভাব্য অপ্রীতিকর সংঘর্ষ এড়াতে সব ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসইউ/২৩৪২ ঘ.
bdnews24