২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে জলদস্যুদের হামলায় ট্রলার মালিক নিহত

জলদস্যুদের হামলায় নিহত এক ট্রলার মালিকের লাশ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 05:41 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

পটুয়াখালী, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলদস্যুদের হামলায় নিহত এক ট্রলার মালিকের লাশ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত আবু কালাম (৫০) ভোলা জেলার শশীভূষণ থানার রসুলপুর গ্রামের বাসিন্দা। তিনি ট্রলারটি নিজেই চালাতেন। সোমবার বিকালে মৌডুবির জাহাজমারার চর সংলগ্ন সাগর থেকে কালামের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। ভোর রাত ৪টার দিকে জলদস্যুরা ট্রলারটিতে হানা দিয়েছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। রাঙ্গাবালী থানার ওসি এস এম মাসুদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোলার চরফ্যাশনের ১২ জেলে কালামের নামবিহীন ট্রলারে করে রাঙ্গাবালী থানার মৌডুবি থেকে দেড় ঘণ্টার দূরত্বের গভীর সাগরে মাছ ধরছিল। ভোর ৪টার দিকে জলদস্যুদের একটি দল ট্রলারটিতে অতর্কিতে হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই কালাম মারা যান। পরে তার লাশ সাগরে ফেলা দেওয়া হয়। এ সময় আহত হয় আরো দুই জেলে। এরা হলেন, ভেলার শশীভূষণ থানার জাহানপুর গ্রামের জেলে মফিজ (৪০) এবং একই উপজেলার রসুলপুরের বাসিন্দা আবদুল হাই (৩০)। ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জেলেরা ভাসতে ভাসতে জাহাজমারার চরে এসে ভীড়ে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৩৩৯ ঘ.