সাতক্ষীরা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদরে রোববার রাতে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ চোরাকারবারী সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব।
তেঁতুলতলা বাজার থেকে আটকরা হলেন সাতক্ষীরা সদরের পলাশপুরের হাসানুজ্জামান ওরফে আলী শাহীন এবং চম্পাফুল গ্রামের ইকবাল হোসেন।
সোমবার আদালতে হাজির করা হলে তাদের ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার হামিদুল হক বলেন, গোপন সংবাদ পেয়ে তেঁতুলতলা বাজারে অভিযান চালানো হয়।
তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, ইনজেকশন ও ইনহেলারসহ পাঁচ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে।
পরে তাদের ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয় বলে জানান এ র্যাব কর্মকর্তা।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় র্যাব বাদী হয়ে রোববার রাতেই থানায় মামলা দায়ের করেছে।
এদিকে সদর থানার আরেক এসআই আলী রেজা বলেন, হাসানুজ্জামান ওরফে আলী শাহীন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি সদর থানায় পুলিশ অ্যাসাল্টের ঘটনাসহ একাধিক মামলার আসামি।
bdnews24