ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু, উখিয়া এবং চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ ও হিন্দু মন্দিরে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহবায়ক ও সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী এই দাবি জানিয়ে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
কক্সবাজার ও চট্টগ্রামে হামলার ঘটনার নিন্দা জানিয়ে গৌতম চক্রবর্তী বলেন, “এই ঘটনার পর দেশের বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের মানুষ আতংকে ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। আমরা মনে করি, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকলে এবং দ্রুততম সময়ে পদক্ষেপ নিলে পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রক্ষা করা যেতো।”
কক্সবাজার ও চট্টগ্রামের ধ্বংস হয়ে যাওয়া মন্দির পুনর্নির্মাণ, ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কার ও ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তিনি।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্র্মীয় উগ্রপন্থীরা। রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে।
এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়ার হিন্দু ও বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়–য়া, রুবায়েত ফেরদৌস, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ড, অমলেন্দু দাস অপু, নুকুল সাহা, দেবাশীষ রায় মধু, তরুণ দে, রমেশ দত্ত, বিপ্লব পান্ডে বিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৭৩০ ঘ.
bdnews24