বান্দরবান, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামুর ঘটনার প্রতিবাদে বান্দরবানে এক মৌনমিছিলে বাধা দিয়েছে পুলিশ।
সোমবার সকাল ১১টার দিকে ‘সচেতন বৌদ্ধ সমাজ’ এ ব্যানারে শহরের বাজারের মোড় থেকে মৌনমিছিলটি শুরু হয়ে কিছু দূর যাওয়ার পরই পুলিশি বাধার মুখে পড়ে।
বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সাংবাদিকদের জানান, মিছিলটি দ্রুত বের হয়ে সামান্য যাওয়ার পরই পুলিশের দৃষ্টিতে এলে সেটি বন্ধ করে দেয়া হয়।
“গত রোববার সর্বদলীয় সভায় এ বিষয়ে বিক্ষিপ্ত ্রভাবে কোনো কর্মসূচি না পালনের সিদ্ধান্ত অনুযায়ী মিছিলটি করতে দেয়া হয়নি।”
বান্দরবান পৌরসভার কাউন্সিলর দিলীপ বড়–য়া বলেন, “রোববার জেলা প্রশাসনের বৈঠকে সর্বসম্মতিতে রামুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষিপ্তভাবে কোনো সভা সমাবেশ, মিছিল কর্মসূচি বান্দরবানে না করার সিদ্ধান্ত হয়।”
“এছাড়া রোববার বিকেলে রোয়াংছড়ি স্টেশন এলাকার বৌদ্ধ বিহারে জেলা বৌদ্ধ বিহারের সভাপতির সভায়ও বিক্ষিপ্তভাবে কোনো মিছিল সমাবেশ না করার সিদ্ধান্ত হয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৪০ ঘ.
bdnews24