২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা-মেয়ে ‘নির্যাতন’: ওসিকে হাই কোর্টে তলব

মা-মেয়েকে থানায় এনে পুলিশ হেফাজতে ‘নির্যাতন ও হয়রানির’ অভিযোগে কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তলব করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 12:09 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মা-মেয়েকে থানায় এনে পুলিশ হেফাজতে ‘নির্যাতন ও হয়রানির’ অভিযোগে কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তলব করেছে হাই কোর্ট। সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। খোকসা থানার ওসিকে আগামী ১৬ অক্টোবর সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির হয়ে ওই দুই নারীকে গ্রেপ্তার-নির্যাতনের ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ‘৫৪ ধারা, খুনের মামলা তার আগে মা-মেয়েকে আটকে রেখে নির্যাতন’ শিরোনামে গত ২৮ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন আমলে নিয়ে আদালত এই আদেশ দেয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করেন। আদালত একইসঙ্গে ‘ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না,’ মর্মে রুল জারি করেছে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, খুলনা অঞ্চলের পুলিশের ডিআইজি, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই রুলের জবাব দিতে ১০ দিন সময় দেওয়া হয়। ওই প্রতিবেদনে বলা হয়, গত ৯ সেপ্টেম্বর বাজবাড়ী শহরের বাসা থেকে এক বিধবা মা ও তার মেয়েকে ধরে নিয়ে যায় কুষ্টিয়া জেলা পুলিশ। তাদেরকে খোকসা থানায় আটকে রাখা হয় দুই দিন দুইরাত। সেখানে মেয়েটি নির্যাতনের শিকার হন। সেখান থেকে তাদেরকে নেয়া হয় জেলার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এবং অধিকারের প্রতিবেদন উদ্ধৃত করে বলা হয়, সেখানেও অন্ধকার কক্ষে আটকে রেখে এই দুই নারীকে নির্যাতন করা হয়। প্রতিবেদনে আরো বলা হয়, ১৫ সেপ্টেম্বর তাদেরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে কুমারখালী থানা পুলিশ। পুলিশের অভিযোগের ভিত্তিতে আদালত তাদেরকে কারাগারে পাঠায়। পরে ১৮ সেপ্টেম্বর তাদের জামিন হয় এবং ২৬ সেপ্টেম্বর আদালত তাদেরকে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ কুমারখালী থানা এলাকায় গত ২৮ জুলাই সংঘটিত তিন খুনের মামলায় তাদেরকে গ্রেপ্তারের আবেদন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৮০০ঘ.