শেরপুর, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সদর উপজেলার ৭টি ইউনিয়নের দেড় শতাধিক গ্রামের বিস্তীর্ণ এলাকার ফসল পানিতে তলিয়ে গেছে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন জানান, শেরপুর–-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়া দোকান এলাকায় কজওয়ে দিয়ে প্রবলবেগে বন্যার পানি প্রবাহিত হচ্ছে।
“ঝুঁকি নিয়ে কিছু ট্যাঙ্ক লরি চলাচল করলেও বাসসহ অন্য সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।”
পুরনো ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরনো ভাঙ্গা অংশ দিয়ে প্রবলবেগে পানি নিম্নাঞ্চলে নেমে আসা অব্যাহত থাকায় সদর উপজেলার চরাঞ্চলের ৭টি ইউনিয়নে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
ইউনিয়নগুলো হচ্ছে কামারের চর, চর মোচারিয়া, চরপক্ষীমারী. বলাইর চর, রৌহা, বেতমারী ঘুঘুরাকান্দি ও কামারিয়া।
জেলা প্রশাসনের রোববার রাতের হিসেবে সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৬ হাজার ৭৪০টি পরিবারের ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন জানান, বন্যায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত সাড়ে ৭শ’ পরিবারের মধ্যে সোমবার থেকে ২০ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে।
শেরপুর জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ জানান, ৫ হাজার ৭৩০ হেক্টর জমির রোপা আমন ধান ও ১ হাজার ২৪০ হেক্টর জমির সবজি ক্ষেত বন্যার পানিতে তলিয়ে গেছে।
কৃষির ক্ষতির পরিমান আরও বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় মানুষজন ভেলা, নৌকা ও শ্যালো চালিত নৌকায় করে যাতায়াত করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪০১ ঘ.
bdnews24