২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক সন্ত্রাস‘শক্ত হাতে সামলানো হবে’

রামু উপজেলায় সাম্প্রদায়িক সন্ত্রাসে জড়িতদের চিহ্নিত করতে সর্বোচ্চ পর্যায়ের তদন্ত চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 04:15 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

নিউ ইয়র্ক, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রামু উপজেলায় সাম্প্রদায়িক সন্ত্রাসে জড়িতদের চিহ্নিত করতে সর্বোচ্চ পর্যায়ের তদন্ত চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আট দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে রোববার (বাংলাদেশ সময় সোমবার সকাল) নিউইয়র্কের বাংলাদেশ মিশনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এহেন অপকর্মে কারা জড়িত সেটি উদঘাটনের জন্যে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে- যে কোনো ধরনের পরিস্থিতি শক্ত হাতে হ্যান্ডেল করার জন্যে।” দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্যই একটি গোষ্ঠী উদ্দ্যেশ্যপ্রণোদিতভাবে বৌদ্ধ বসতিতে হামলার ঘটনা ঘটিয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্র্মীয় উগ্রপন্থীরা। রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে। এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়ার হিন্দু ও বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনা ঘটে। শেখ হাসিনা বলেন, “ওই অঞ্চলে উগ্রপন্থী মৌলবাদের ট্রেনিং ক্যাম্প ছিল। তাই কোনকিছু হালকাভাবে দেখার অবকাশ নেই।” দেশের মানুষের নিরাপত্তায় যা করা দরকার, তার সবই করা হচ্ছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন। বিরোধী দলের নির্দলীয় সরকারের দাবি, বিগত তত্ত্বাবধায়ক সরকার, সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত এবং পদ্মা সেতু প্রসঙ্গেও সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। পদ্মা সেতু বিশ্ব ব্যাংকের ঋণচুক্তি বাতিল হওয়ার সঙ্গে মুহাম্মদ ইউনূসের কথিত সংশ্লিষ্টতার বিষয়ে শেখ হাসিনা বলেন, “এটি তো সকলেরই জানা আছে যে ‘অমুক এমডি না থাকলে পদ্মা সেতু হবে না’- এমন মন্তব্য করা করেছে।” বয়সসীমা অতিক্রান্ত হওয়ার কারণ দেখিয়ে গত বছর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেয় সরকার। এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে হেরে ইউনূস নিজেই পদত্যাগ করেন। কিন্তু ইউনূসকে অব্যাহতি দেয়ার প্রক্রিয়া শুরু হতেই যুক্তরাষ্ট্রের পক্ষ সরকারের ওপর নানা ভাবে চাপ প্রয়োগ করা হয়। এরপর গ্রামীণ ব্যাংক থেকে প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস বিদায় নিলেও প্রতিষ্ঠানটি সম্পর্কিত সরকারের কয়েকটি পদক্ষেপে এর ভবিষ্যৎ নিয়ে একাধিকবার উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র ও তার কয়েকটি পশ্চিমা মিত্র দেশ। এরপর পদ্মা প্রকল্পে পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে গত বছরের সেপ্টেম্বরে ১০২ কোটি ডলার অর্থায়ন স্থগিত এবং গত জুনে তা বাতিল করে বিশ্ব ব্যাংক। সরকারের চেষ্টায় গত ২০ সেপ্টেম্বর তারা এ প্রকল্পে ফিরে আসার কথা জানায়। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ মিশনের প্রেস মিনিস্টার মামুন-অর রশীদ। সঞ্চালনায় ছিলেন রাষ্ট্রদূত এ কে এ মোমেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ মিশনের অনুষ্ঠান শেষে নিউ ইয়র্ক সময় রাত ১১টা ২০ এ (বাংলাদেশ সময় সোমবার সকাল ৯টা ২০) এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের পথে রওনা হন প্রধানমন্ত্রী। সাগর-রুনি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “এ বিচার হবে এবং নিরপেক্ষভাবেই ন্যায় বিচারের প্রক্রিয়া চলছে।” তবে এজন্য উদ্বিগ্ন না হয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, “আমার বাবা-মা-ভাইসহ অন্যদের বিচার পেতে কতদিন অপেক্ষা করতে হয়েছে তা নিশ্চয়ই আপনারা জানেন।” বাংলাদেশের কোনো হত্যাকাণ্ডেরই বিচার থেমে থাকবে না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সাগর-রুনি হত্যা তদন্তের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “তদন্তের শুরুতে কোর্টের নির্দেশনা ছিল। বর্তমানে তা সিআইডি থেকে র‌্যাবের হাতে চলে গেছে। তারা তদন্ত করছেন।” এ তদন্ত ত্বরাণি¦ত করতে সাংবাদিকদের ‘তথ্য ও ক্লু’ দিয়ে সহায়তা করারও আহ্বান জানান তিনি। গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। কিন্তু দীর্ঘদিনেও এ হত্যারহস্য উন্মোচিত না হওয়ায় আদালত র‌্যাবকে এ মামলার তদন্তভার দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর আগামী ১০ অক্টোবরের মধ্যে এ হত্যারহস্য উন্মোচন করার আশ্বাস দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৪৪৫ ঘ.