২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ

মহাখালী ফ্লাইওভারের নিচে সংঘর্ষের জের ধরে ওই মোড় থেকে সব দিকে যান চলাচল বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 05:41 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাখালী ফ্লাইওভারের নিচে সংঘর্ষের জের ধরে ওই মোড় থেকে সব দিকে যান চলাচল বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পরিবহন শ্রমিকরা মহাখালী রেল ক্রসিং মোড়ে অবরোধ করে রাখায় ফার্মগেট-বিমানবন্দর উভয়মুখী সড়কে ফ্লাইওভারের নিচ দিয়ে কোনো যান চলছে না। তবে ফ্লাইওভার দিয়ে যান চলছে। অন্যদিকে রেল ক্রসিংয়ের নিকটবর্তী মহাখালী আমতলী মোড়ে শ্রমিকরা কয়েকটি গাড়ি এলোপাতাড়িভাবে ফেলে রাখায় তেজগাঁও সাতরাস্তামুখী সড়কটিতেও কোনো যান চলাচল করছে না। মঙ্গলবার রাত ১১টার পর বিমানবন্দর সড়কে ফ্লাইওভারের নিচে সংঘর্ষ এবং গাড়ি ভাংচুরের ঘটনার পর এ অবস্থান নেয় শ্রমিকরা। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, সংঘর্ষ ও ভাংচুরের পর মহাখালী বাস টার্মিনাল থেকে একদল শ্রমিক লাঠি-সোঁটা হাতে ঘটনাস্থলে উপস্থিত হয়। এক পর্যায়ে তারা সেখানে গাড়ি ভাংচুর শুরু করে। ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিতুমীর কলেজের ছাত্ররা দাবি করেছেন তাদের একজন শিক্ষার্থীকে শ্রমিকরা ধরে নিয়ে গিয়েছে। অন্যদিকে ছাত্ররা এক শ্রমিককে ধরে নিয়ে গেছে বলে দাবি করেছে শ্রমিকরা।” দুপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি। মহাখালী বাস মালিক সমিতির দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম বলেন, “তিতুমীর কলেজের কয়েকজন ছাত্র একজন শ্রমিককে ধরে নিয়ে গেছে।” ওই শ্রমিককে না পাওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করা হবে না বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফএস/পিডি/০০১৩ ঘ.