নাটোর, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে একটি রেজিস্টার্ড স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ওই স্কুলের প্রধান শিক্ষিকা মারধরের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার মারধরের শিকার নাটোরের বাগাতিপাড়ার হাটদৈল বেসরকারি রেজি. প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতা পারভীনকে হাসপাতারে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পরিচালনা কমিটির সভাপতি ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পারভীন।
বাগাতিপাড়া থানার ওসি নূর ই আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
বাগাতিপাড়া থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে স্কুল পরিচালনা কমিটির সভায় হাবিবুর রহমান প্রধান শিক্ষিকার পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বলেন। পারভীন স্বাক্ষর না করে পদত্যাগ পত্র ছিড়ে ফেললে হাবিবুর ক্ষুদ্ধ হয়ে তার ছোট ভাই হাসান আলীকে সঙ্গে নিয়ে সবার সামনে মারধর করতে শুরু করেন।
প্রধান শিক্ষিকা পারভীন সাংবাদিকদের বলেন, “সভাপতি ও তার ভাই হাসান আমাকে উপুর্যপরি লাথি ও কিল ঘুষি মেরেছে।”
২০০০ সালে স্কুলটি প্রতিষ্ঠার শুরু থেকেই প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন পারভীন।
অবশ্য অভিযুক্ত হাবিবুর সাংবাদিকদের কাছে পদত্যাগ পত্রে স্বাক্ষর নেওয়ার চেষ্টার কথা স্বীকার করলেও মারধরের কথা অস্বীকার করেছেন।
তিনি বলেন, “পারভীন অযোগ্য মহিলা, তাকে দিয়ে স্কুল চালানো যাবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২১৩৭ ঘ.
bdnews24