ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার অনুরোধ করেছেন স্পিকার আবদুল হামিদ।
একই সঙ্গে মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাকরি থেকে অবসরের বয়সসীমা অন্তত এক বছর বাড়ানোরও অনুরোধ করেছেন তিনি।
জাতীয় সংসদে মঙ্গলবার ‘মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা-কর্মচারিদের চাকরির বয়স বৃদ্ধির’ বিষয়ে ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণসম্পন্ন মনোযোগ আকর্ষণী নোটিসের আলোচনায় এ আহ্বান জানান স্পিকার।
এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার।
কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. মুজিবুল হক মনোযোগ আকর্ষণী নোটিসে বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বয়সসীমা ছিল ৫৭ বছর। এ অবস্থায় মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীর বয়স দুই বছর বাড়িয়ে ৫৯ করা হয়। স¤প্রতি সরকার সরকারি কর্মচারিদের বয়স বাড়িয়ে ৫৯ করলেও মুক্তিযোদ্ধা কর্মচারীদের অবসরের বয়স বাড়ানো হয়নি।
মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীর চাকরির বয়স বাড়িয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো বিশেষ বিবেচনায় ৬৫ করার অনুরোধ জানান তিনি।
এ সময় স্পিকার বলেন, “মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়ে অন্তত একটি বছর বাড়ানো যায় কি না তা দেখা দরকার। প্রধানমন্ত্রীও উপস্থিত রয়েছেন। এক বছর হলেও বাড়ানোর অনুরোধ করবো।”
একই সঙ্গে সরকারি চাকরিতে প্রবেশে চাকরিপ্রার্থীদের আবেদনের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার অনুরোধ করেন তিনি।
এর পক্ষে যৌক্তিকতা তুলে ধরে আবদুল হামিদ বলেন, “এখন পড়াশুনা শেষ করতে অনেক সময় লাগে। øাতক পাস করতেই এখন বয়স ২৮/২৯ হয়ে যায়। পার্শ্ববর্তী কলকাতায়ও ৪০ বছরে চাকরিতে এন্ট্রি নেওয়া যায়। আমাদের এখানেও চাকরির এন্ট্রি বয়স ৩৫ হওয়া দরকার বলে আমি মনে করি।”
মন্ত্রিসভায় বিষয়টি উত্থাপন হলে তা বিবেচনার জন্য অনুরোধ জানান স্পিকার।
পরে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম বলেন, চাকরির অবসরের বয়সসীমা বাড়ানোর বিষয়ে সহসাই কোনো সিদ্ধান্ত সম্ভব নয়। মন্ত্রিসভায় তা উত্থাপন করতে হবে। প্রধানমন্ত্রী বিষয়টি অবগত আছেন।
“মুক্তিযোদ্ধাদের বয়সসীমা বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় আছে। অন্তত এক বছর বাড়ানো সম্ভব হলেও তাদের প্রতি সম্মান দেখানো হবে,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/২০৩৭ ঘ.
bdnews24