২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাৎ: ডাক বিভাগের ৭ কর্মী কারাগারে

ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে প্রায় ছয় কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় ডাক বিভাগের সাত কর্মচারীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 02:27 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে প্রায় ছয় কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় ডাক বিভাগের সাত কর্মচারীকে কারাগারে পাঠিয়েছে আদালত। এরা হলেন- প্রতিষ্ঠানের ক্যাশ বিভাগের কর্মচারী মো. মোতালেব হোসেন মোল্লা, মো. ইউসুফ আলী, তাজুল ইসলাম হেলালী, একেএম শহীদুল হোসেন, একেএম মাহবুবুর রহমান, বিল্লাল হোসেন ও মোতালেব হোসেন। মঙ্গলবার বিকালে ঢাকার বিশেষ জজ আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন চাইলে আবেদন নাকচ করে বিচারক মো. জহুরুল হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। জামিন নাকচের প্রতিক্রিয়ায় আসামিদের আইনজীবী এম সাজাওয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারক অন্যায় করেছেন। কারণ এসব বয়োবৃদ্ধ অভিযুক্তদের মধ্যে একজনের কয়েকদিন আগে হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে যার ক্ষত এখোনো শুকায়নি। চিকিৎসার কাগজপত্র দাখিল করা সত্ত্বেও বিচারক তা মানেননি।” শুনানিতে আইনজীবী বলেন, মামলার প্রধান আসামি হাই কোর্ট থেকে জামিনে রয়েছেন। এজাহারে এই সাত জনের নাম নেই। মামলা নথিপত্র সূত্রে জানা যায়, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ২ কোটি ৮৬ লাখ ৯১ হাজার ১৯ টাকা আত্মসাতের অভিযোগে জিপিও ঢাকা উত্তর বাজেট শাখার সাবেক অপারেটর মনসুর উছ সামাদ চৌধুরীর বিরুদ্ধে ২০০৪ সালের ১৮ অগাস্ট মামলা করেন ডাক বিভাগের পরিদর্শক আবদুর রশিদ মোল্লা। তদন্তে ধরা পরে, তারা পাঁচ কোটি ৯১ লাখ ৭৫ হাজার পাঁচশ ২৬ টাকা ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে উত্তোলন করে আত্মসাত করেন। এ মামলায় গত বছরের ১৩ অক্টোবর অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক ফজলুল বারী উল্লেখ করেন, অভিযুক্তরা ১৯৯৩ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত এ টাকা আত্মসাত করেন। মামলাটিতে রাষ্ট্রপক্ষে জামিন আবেদনের বিরোধিতা করেন দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২০২৬ ঘ.