কিশোরগঞ্জ, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের উপর হামলা ও জনমনে ভীতি সঞ্চারের অভিযোগে পুলিশের দায়ের করা দুটি মামলায় কিশোরগঞ্জ জেলা বিএনপি’র ১৫ নেতাকর্মীকে কারগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার ১৬ বিএনপি নেতাকর্মীকে আদালতে হাজির করা হলে বিচারক ১৫ জনকে কারাগারে পাঠায়।
এসএসসি পরীক্ষার জন্য একজনকে আদালত জামিন দিয়েছেন বলে জানান মামলার আসামিপক্ষের আইনজীবী জালাল আহমেদ।
রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা বিএনপি শহরে গণমিছিল বের করলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশ-সাংবাদিকসহ শতাধিক আহত হয়।
পুলিশের উপর হামলা ও কর্তব্যে বাধাদান এবং জনমনে ভীতি সঞ্চার করার অভিযোগে পুলিশ বিএনপি’র ৭০ নেতাকর্মীর নামোল্লেখ করে দ্রুত বিচার আইনে দুটি মামলা দায়ের করে।
সাবেক পাবলিক প্রসিকিউটর জালাল আহমেদ জানান, মঙ্গলবার দুটি মামলায় বিএনপি’র ১৬ নেতাকর্মীকে বিচারিক হামিক এইচ এম শফিকুল ইসলাম ও সোহাগ রঞ্জন পালের আদালতে হাজির করা হয়।
এ সময় দুই তদন্ত কর্মকর্তা বিএনপি নেতা-কর্মীদের পাঁচদিনের রিমান্ডের আবেদন জানান। উভয় আদলতই রিমান্ড না মঞ্জুর করে তাদেরকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
মিনহাজ নামে এক আসামি এবার এসএসসি পরীক্ষার্থী হওয়ায় আদালত তাকে জামিন দিয়েছেন বলে জানান আইনজীবী।
এদিকে মঙ্গলবার একই মামলায় যুবদল ও ছাত্রদলের আরো তিন কর্মীকে আটক করা হয়েছে বলে জানান সদর থানার ওসি মীর মোশারফ হোসেন।
এরা হলেন- যুবদল নেতা নেয়ামত উল্লাহ জিসান ও এমাজ উদ্দিন তপন এবং ছাত্রদলকর্মী জাকারিয়া মাহমুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯১১ ঘ.
bdnews24