ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি চাঁদাবাজি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদা।
সোমবার ঢাকার পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুনির কামাল আগামী ৩ এপ্রিল এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করে তাদের জামিন মঞ্জুর করেন।
দুই কোটি টাকা চাঁদাদাবির অভিযোগে কোরিয়ান কোম্পানি তেহাং প্যাকেজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওকে কিয়াং ওহে ২০০৭ সালের ১৯ জুলাই মতিঝিল থানায় হুদা দম্পতির বিরুদ্ধে মামলাটি করেন।
মামলায় ওহের সাবেক স্বামী বোসাং পার্ককে আসামি করেন তিনি। পার্ক এ মামলায় বর্তমানে জামিনে আছেন।
মামলার নথিসূত্রে জানা যায়, নাজমুল ও সিগমা এ মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। তবে এ আদালতে মামলাটি বদলি হয়ে আসার পর গত ১৮ জানুয়ারি তারা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
২০০৭ সালের ৪ ডিসেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হলেও হাইকোর্টের আদেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/আরএ/২০৩২ ঘ.
bdnews24