বরিশাল, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার গোলাম আযমের ছবি নিয়ে বরিশালে চারদলীয় জোটের গণমিছিলে অংশ নেওয়ায় এক ছাত্রকে আটক করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১টায় গণমিছিল করার সময় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে জাহিদ হোসেনকে (১৭) আটক করা হয়।
জাহিদ নগরীর কাশিপুর শাহপরান সড়কের শাহাজাহান ফকিরের ছেলে। সে এবারের এসএসসি পরীক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।
নগরীর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহিদ গোলাম আযমের ছবি নিয়ে মিছিল করছিল। টহল পুলিশের একটি দল মিছিল থেকে তাকে আটক করে।”
তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৬৪৬ ঘ.
bdnews24