ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ ও যুদ্ধাপরাধীদের বিচারে বাধাদানকারীদের শাস্তির দাবিতে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে বিকালে শুরু হয়েছে আওয়ামী লীগের জনসভা।
সোমবার বিকাল ৩টার দিকে ছাত্রলীগের নেতাদের বক্তব্য দিয়ে জনসভা শুরু হয়। এ সময় উল্লেখযোগ্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ মঞ্চে উপস্থিত ছিলেন।
একইদিন দুপুরে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে রাজধানীতে গণমিছিল করছে বিএনপি। এক সময়েই আওয়ামী লীগের এই সমাবেশ পাল্টা কর্মসূচি হিসেবে রাজনৈতিক মহলে আলোচিত হলেও ক্ষমতাসীন দলের নেতাদের দাবি, এটা তাদের ধারাবাহিক কর্মসূচির অংশ।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালসহ কয়েকটি দাবিতে গণমিছিল করছে বিএনপি। অন্যদিকে যুদ্ধাপরাধের বিচার বানচালে বিরোধী দল ষড়যন্ত্র করছে দাবি করে তার বিরুদ্ধে জনমত গঠন আওয়ামী লীগের কর্মসূচির উদ্দেশ্য।
ঢাকায় বিএনপির গণমিছিল রোববার হওয়ার কথা থাকলেও সেদিন আওয়ামী লীগ সভা ডাকার পর পুলিশ মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা দেয়। এরপর বিএনপি কর্মসূচির তারিখ একদিন পিছিয়ে দিলে আওয়ামী লীগও একই পথ অনুসরণ করে।
তবে আওয়ামী লীগের জনসভা বিএনপির গণমিছিলের পাল্টা কর্মসূচি নয় দাবি করে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, “যুদ্ধাপরাধীর বিচার এবং যুদ্ধাপরাধীদের বিচারে বাধা সৃষ্টিকারীদের বিচার দাবিতে গত নভেম্বর থেকে মধ্য মার্চ পর্যন্ত কর্মসূচি ঘোষণা করা আছে। যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া এসব কর্মসূচি চলবে।”
সোমবারের সমাবেশ ছাড়াও মঙ্গলবার ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানায় কর্মীসভা এবং বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।
বিরোধীদলের কর্মসূচিতে সরকার কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিচ্ছে না- এমন দাবি করে আওয়ামী লীগ নেতা মায়া বলেন, “বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘর থেকেই বের হতে পারেনি। তাছাড়া বিএনপির সমাবেশে কেউ বাধা দেবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৫২৭ ঘ.
bdnews24