চাঁদপুর, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে বিএনপির গণমিছিলে যোগ দিতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারানো দুজনের একজন রিকশা চালক ও আরেকজন ভ্যান চালক।
এরা হলেন রিকশাভ্যান চালক লিমন ছেয়াল ও রিকশা চালক আবুল মৃধা। এই দুই দরিদ্র কর্মজীবীর মৃত্যুতে তাদের পরিবারে চলছে শোকের মাতম।
রোববার শহরের হাসান আলী স্কুল মাঠে বিএনপির গণমিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে তারা গুলিবিদ্ধ হন।
লিমন ছেয়াল (২২) একটি সিগারেট কোম্পানির বিলিকারক ছিলেন। শহরের গুয়াখোলা এলাকার আব্দুল হক ছৈয়ালের ছেলে তিনি। ছয় ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভাইয়ের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন লিমনের ছোট ভাই সুমন। লিমন কোনো দল করতেন কিনা তা তিনি জানেন না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তবে লিমনের বড় ভাই হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিমন স্বেচ্ছাসেবক দলের একটি ওয়ার্ড কমিটির সহ-সভাপতি ছিলেন।
এদিকে রাতে জেলা বিএনপি সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ মানিকের বাসায় এক সংবাদ সম্মেলন হয়।
এতে দলের জেলা সভাপতি মোমিনুল হক ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, লিমন ছাত্রদলের কর্মী ছিলেন। আর মৃধা ছিলেন বিএনপির একটি ওয়ার্ড কমিটির সদস্য।
এদিকে, বাবাকে হারিয়ে আহাজারি করছেন রিকশাচালক আবুল মৃধার (৫০) একমাত্র সন্তান শাহানারা বেগম।
মৃধার স্ত্রী ফাতেমা বেগম স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তাদের তিনজনের এই পরিবারের একমাত্র কর্মজীবী মানুষটি চলে গেলেন।
রোববার সকালে পৌরসভার দক্ষিণ দাসদী গ্রামের বাড়ি থেকে আবুল শহরে আসেন। নগরের হাসান আলী স্কুল মাঠে তিনি বুলেট বিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০৫১ ঘ.
bdnews24