চট্টগ্রাম, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুরিং থানার মা ও শিশু হাসপাতালের কাছে বাস্তুহারা বস্তিতে আগুন লেগে শতাধিক ঝুপড়ি ঘর পুড়ে গেছে বলে দমকল বাহিনী জানিয়েছে।
শনিবার রাত আড়াইটার দিকে বস্তিতে আগুন লাগার পর রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর সদস্যরা।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের অপারেটর মো. ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মশার কয়েল থেকে রাত আড়াইটার দিকে বাস্তুহারা বস্তির একটি ঘরে আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে। আগুনে বস্তির মোট ১১০ টি ঝুপড়ি ঘর ও ছয়টি টং দোকান পুড়ে গেছে।
তিনি বলেন, “আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা। তবে এতে কেউ হতাহত হয় নি।”
দমকল বাহিনীর আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের মোট পাঁচটি গাড়ি আগুন নেভানোর কাজ করে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এসইউ/১২২৫ ঘ.
bdnews24