২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

পাবনার চাটমোহর উপজেলায় লরি ও শ্যালোইঞ্জিন চালিত নসিমনের সংঘর্ষে ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 05:15 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

পাবনা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার চাটমোহর উপজেলায় লরি ও শ্যালোইঞ্জিন চালিত নসিমনের সংঘর্ষে ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনায় আহত হন আরো ছয়জন। নিহতরা হলেন- চাটমোহরের জগতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মঈনুল ইসলাম (৭) ও মেয়ে রহিমা খাতুন (১১), পৌর এলাকার ছোট শালিখা গ্রামের স্বাগতম (৩০)। আহতরা হলেন জগতলা গ্রামের রফিকুল ইসলাম (৪০), সাহাপুর গ্রামের ইদ্রিস (৩০), মনিরুল (২৭), অমৃতকু-া গ্রামের আদরী খাতুন (২২), তার ছেলে বাবু (২) ও ফৈলজানা গ্রামের রবিউল (২১)। আহতদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চাটমোহর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, বিকাল ৫টার দিকে যাত্রী বোঝাই একটি নসিমন চাটমোহর থেকে রেলবাজারের দিকে যাচ্ছিল। মথুরাপুর ইউনিয়নের উথুলী কাঠবাদামতলা এলাকায় নসিমনটি বাঁশ বোঝাই অপর একটি নসিমনকে ওভারটেক করতে গেলে ভাঙ্গুড়াগামী তেলের লরিটি নসিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর এবং চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বেসরকারি ব্যাংকে কর্মরত স্বাগতমের মৃত্যু হয়। ওসি আরো জানান, দুর্ঘটনার পরপরই নতুন বাজার এলাকা থেকে পুলিশ লরিসহ চালক ও তার সহাকরীকে আটক করেছে। লরিটির চালক সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাদুল্লাপুর গ্রামের রওশন আলীর ছেলে আলিমুদ্দিন (৩০) এবং লরির সহাকরী একই উপজেলার গঙ্গা প্রসাদ গ্রামের প্রয়াত তারা সরদারের ছেলে আরশেদ সরদার (২৮)। এ ব্যাপারে চাটমোহর থানায় একটি মামলা হয়েছে। বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২১২ ঘ.