ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের বিষয়ে সাবেক স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকারকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন তার ছেলে রেজা কিবরিয়া।
একইসঙ্গে হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক এমদাদুল হককে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলেও মনে করছেন তিনি।
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় রেজা কিবরিয়া এই হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে পরিবারের বক্তব্য তুলে ধরেন।
অনুষ্ঠানে কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া অশ্র“নয়নে বলেন, “স্বামী হত্যার বিচারের জন্য আমি সাত বছর অপেক্ষা করেছি। আর কত অপেক্ষা করব?”
আওয়ামী লীগ নেতা কিবরিয়া ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে এক সভায় গ্রেনেড হামলায় নিহত হন। সংসদ সদস্য কিবরিয়ার সঙ্গে মারা যান আরো তিন জন। ওই হত্যাকাণ্ডের মামলার অধিকতর তদন্ত চলছে।
রেজা কিবরিয়া বলেন, এই তদন্তে একজন সাহসী ও দক্ষ পুলিশ কর্মকর্তা নিয়োগ করা প্রয়োজন।
তিনি বলেন, “বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এই হত্যার তদন্ত অন্যদিকে নেওয়া হয়েছিল। গ্রেনেড যে ছুড়েছে, যে ট্রাক চালিয়েছে, শুধু তাদের বিচার করতে তারা রাজি ছিল। কিন্তু এই ঘটনার পরিকল্পনাকারী এবং মূল হোতাদের আড়াল করতে চেয়েছে।”
বিএনপি নেতা জমিরউদ্দিনকে জিজ্ঞাসাবাদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরে রেজা বলেন, “আমার বাবার ওপর হামলার পর তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টারের প্রয়োজন ছিল। নিয়ম অনুযায়ী সেই সময়কার স্পিকার জমিরউদ্দিন সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু উনি ঘরের দরজা বন্ধ করে ঘরে বসে ছিলেন। বাসায় ধারাবাহিকভাবে ফোন করার পরও উনি রিসিভ করেননি।”
“পরে তিনি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, সেই সন্ধ্যায় তিনি ঘুমিয়েছিলেন। আমার প্রশ্ন, কার নির্দেশনায় তিনি বাসার দরজা বন্ধ করে ছিলেন বা ফোন রিসিভ করেননি- তার তদন্ত হওয়া প্রয়োজন।”
“উনি হয়তো সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না। তবে কে এই হত্যাকাণ্ডে জড়িত, তা তিনি জানেন। এই জিজ্ঞাসাবাদ সফল হলে সেটাই হবে এই মামলার অন্যতম অগ্রগতি,” বলেন রেজা।
কিবরিয়ার নিরাপত্তায় তখনকার জেলা প্রশাসক এমদাদুল হক পুলিশ দেননি জানিয়ে তিনি বলেন, “ওই সময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অনেকের সঙ্গে তিনি (ডিসি) সেদিন যোগাযোগ করেছিলেন। তার আরো অনেক ভূমিকা ছিলো।”
কারবন্দি বাবর বর্তমানে ২১ অগাস্টের গ্রেনেড হামলার মামলা এবং চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি।
কিবরিয়া হত্যার দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে আসা চিত্রশিল্পী আসমা বলেন, “আমি এই হত্যার বিচারের জন্য ৮৩ বার বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছি। সরকার (তখনকার) বিচারের উদ্যোগ নেবে এমন আশা না থাকায় জনমত সৃষ্টি করেছিলাম। আমার স্বামী যে দল করতেন, এখন তো সেই দল ক্ষমতায়। তিন বছর চলে গেছে, কিন্তু বিচারের কী হলো?”
কিবরিয়া স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনা সভায় উপস্থিত অধিকাংশই ছিলেন বৃহত্তর সিলেটের বাসিন্দা।
তাদের প্রতি আহ্বান জানিয়ে আসমা বলেন, “সিলেটবাসীরা যদি আমার সুরে সুর মিলিয়ে কথা বলতে থাকেন, তাহলে সরকার আমার কথা শুনতে বাধ্য হবে।”
স্মৃতি সংসদের সভাপতি মাহবুব আলম মালুর সভাপতিত্বে সভায় আলোচনা করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. সি এস দোলোয়ার, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী সেলিম, স্মৃতি সংসদের উপদেষ্টা শাহ আব্দুল মোদাব্বির, গণফোরামের স্থায়ী কমিটির সদস্য শেখ আখতার উল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২১০০ ঘ.
bdnews24