২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগীয় তদন্ত চায় জুবায়েরের পরিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যার ঘটনায় প্রশাসন এবং পুলিশের কার্যক্রমে আনাস্থা জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে জুবায়েরের পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 12:04 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

আশিক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ হত্যার ঘটনায় প্রশাসন এবং পুলিশের কার্যক্রমে আনাস্থা জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে জুবায়েরের পরিবার। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রভাবিত করছে বলেও অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। জুবায়েরের বড় ভাই আব্দুল্লাহ আল-মামুন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার চার জনের জবানবন্দিতে এ পর্যন্ত ১৩ জনের নাম আসলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশকে প্রভাবিত করছে বলে আমাদের সন্দেহ হচ্ছে।” বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশের তদন্তে অনাস্থা জানিয়ে তিনি বলেন, “মামলার তদন্ত ও খুনিদের গ্রেপ্তারের ব্যাপারে কালক্ষেপণের কারণে আমাদের ভয় হচ্ছে- খুনি ও ইন্ধনদাতারা হয়তো ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাবে।” গত ৮ জানুয়ারি ‘উপাচার্য মদদপুষ্ট’ বলে পরিচিত ছাত্রলীগ কর্মীদের হামলায় গুরুতর আহত হন চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং সাবেক ছাত্রলীগ কর্মী জুবায়ের। অতিরিক্ত রক্তক্ষরণে পরদিন হাসপাতালে মারা যান তিনি। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর এবং তার প্রশাসনকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়। শিক্ষক-শিক্ষার্থীদের প্রবল আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরজু মিয়া পদত্যাগ করতে বাধ্য হন। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় নিরাপত্তা কর্মকর্তা মো. আজিম উদ্দিনকে। জুবায়ের হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন ছাত্রকে স্থায়ীভাবে বহিষ্কার করে। আর চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। জুবায়েরের ভাই মামুন বলেন, “হত্যাকারীরা ১৬৪ ধারায় ঢাকা জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা অন্য সহযোগীদের নামও বলেছে। এর পরেও এখন পর্যন্ত জড়িতদের সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে না।” “এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশের স্বদিচ্ছার অভাব রয়েছে বলে আমাদের মনে হচ্ছে”, যোগ করেন তিনি। সিলেটের লিডিং বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের এই প্রভাষক বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন বিতর্কিত ভূমিকার জন্য যথেষ্ট সমালোচিত হওয়ার পরে আমরা তাদের ওপর আর আস্থা রাখতে পারছি না। দেশের প্রচলিত আইনের আশ্রয় নেওয়ার পরেও যদি আমরা বিচার না পাই, তাহলে আমাদের দাঁড়াবার জায়গা থাকলো কই।” জুবায়ের হত্যার ঘটনায় আট দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের অন্যতম রায়হান রাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরাও বিভিন্ন মাধ্যম থেকে শুনতে পাচ্ছি যে প্রশাসন খুনিদের গ্রেপ্তারের বিষয়টি নিয়ন্ত্রণ করছে। বিশ্ববিদ্যালয় যেহেতু একটি স্বায়ত্বশাসিত এলাকা, তাই এখান থেকে কাউকে গ্রেপ্তার করতে হলে অবশ্যই প্রশাসনের অনুমতি নিতে হয়। এ ক্ষেত্রে প্রশাসন ইচ্ছা করলেই বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারে।” বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এ শিক্ষক আরো বলেন, “ছাত্রলীগ যে দিন শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি থেকে উপাচার্যকে বের করে নিয়ে গেলো, সেদিনও তাদের মধ্যে খুনিরা ছিলো। এদের মধ্যে কয়েজনকে পরে গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং স্বাভাবিকভাবে এ ধরনের সন্দেহ আমাদের মধ্যে জন্ম নিতেই পারে যে, প্রশাসন বিষয়টিকে প্রভাবিত করছে।” “এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। উপাচার্য বরাবরের মতো শুধু আশ্বাস দিয়ে গেছেন”, যোগ করেন তিনি। গত ৯ জানুয়ারি জুবায়েরের মৃত্যুর সংবাদ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে উপাচার্যের কার্যালয় ঘেরাও ও ভবনের কলাপসিবল গেটে তালা মেরে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। ওই সময় ‘উপাচার্যের মদদপুষ্ট’ বলে পরিচিত ছাত্রলীগের নেতা আজগর আলী, শেখ মো. শরীফ, আশরাফুজ্জামান লিটন, মাহাতাব মেহেদী সম্রাটের নেতৃত্বে একটি মিছিল সেখানে গিয়ে তালা ভেঙে উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবীরকে বের করে নিয়ে যায়। ওই ঘটনার উল্লেখ করে আন্দোলনরত শিক্ষার্থীদের একজন হাফিজ আল আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুনিদের রক্ষা করতে প্রশাসন বিষয়টিকে প্রভাবিত করছে বলে আমরাও সন্দেহ করছি। যেদিন আমরা হত্যাকারীদের বিচারের দাবিতে অবরোধ কর্মসূচি করছিলাম, সেদিন ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যকে সেখান থেকে বের করে নিয়ে যায়।” “সেদিন জাহিদ হাসান অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিতর্কিত ভূমিকার একটি ছোট প্রমাণ।” বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ৩৭ তম ব্যাচের শিক্ষার্থী জাহিদকে গত ২২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে একই ধরনের কথা বলেছেন ছাত্রলীগের অন্য অংশের এক নেতাও। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (স্থগিত কমিটি) সভাপতি রাশেদুল ইসলাম শাফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এর আগেও আমরা দেখেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন আশুলিয়া থানাকে প্রভাবিত করেছে। ‘উপাচার্য মদদপুষ্ট’ নেতাকর্মীদের হাতে আহত ছাত্রলীগ নেতাকর্মীরা বিভিন্ন সময়ে আশুলিয়া থানায় মামলা করতে গেলে থানা তা নেয়নি।” তিনি আরো বলেন, “হত্যাকারীরা যে উপাচার্যের ছত্রছায়ায় রয়েছে এটা সবাই জানে। খেয়াল করলে দেখবেন, এখন পর্যন্ত প্রত্যেককে কিন্তু ক্যাম্পাসের ভেতর থেকেই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ইন্ধনদাতা ছাত্রলীগের নেতা পরিচয়ধারী শেখ মো. শরীফ এবং আজগর আলীও এখনো প্রশাসনের ছত্র ছায়ায় ক্যম্পাসে রয়েছে।” ওই হত্যাকাণ্ডের জন্য বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন শাফিনও। অবশ্য ছাত্রলীগে নিজের কোনো ‘গ্র“প’ থাকার কথা বরাররই অস্বীকার করে আসছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর। জুবায়ের হত্যার ঘটনা তদন্তে গঠিত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ফরহাদ হোসেন প্রশাসনের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, “প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে যাতে প্রকৃত সত্য বেরিয়ে আসে। আগামী কয়েক দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবো বলে আশা করছি।” ৩০ জানুয়ারি সিন্ডিকেটে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। জুবায়ের হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক শাহিন শাহ পারভেজ তদন্ত প্রভাবিত করার অভিযোগ প্রসঙ্গে বলেন, “গ্রেপ্তার চার জন ১৬৪ ধারায় জবানবন্দিতে অভিযোগ স্বীকার করেছেন। তারা আরো ১১ জনের নাম বলেছেন।” বাকিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, “পুলিশ ঘটনার আলামত হিসেবে রক্তমাখা জিআই পাইপ এবং মাটি উদ্ধার করেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরআরডি/জেকে/১৭৫০ ঘ.