২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য বিভাগে নিয়োগ: কুড়িগ্রামে আটক ৮ জন কারাগারে

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্রসহ কুড়িগ্রামে আটক আটজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2012, 01:18 PM

Updated : 24 Aug 2022, 10:40 AM

কুড়িগ্রাম, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্রসহ কুড়িগ্রামে আটক আটজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। শনিবার তাদের কুড়িগ্রামের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করে পুলিশ। বিচারক হাবিবুর রহমান এ ব্যাপারে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক মো. রেজাউল করিম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাই আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। শুক্রবার ভোরে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন থেকে প্রশ্নপত্র, ল্যাপটপসহ আটক আটজন হলেন- রাজারহাটের চতুরা গ্রামের আব্দুল জলিল সরকার (৬৬), তার ছেলে মাহফুজার রহমান (৩৩), চান্দামারী গ্রামের আব্দুল হাই ঝুনু (২২), কুড়িগ্রাম সদরের পুরাতন থানাপাড়া গ্রামের রুহুল আমিন (৪৫), বকসীপাড়ার মোস্তাফিজুর রহমান (৩০), কৃষ্ণপুর পাইকপাড়া গ্রামের লুৎফর রহমান লিটন (৩৩), হলোখানা সন্ন্যাসী গ্রামের আসাদ্জ্জুামান (১৮) ও লালমনিরহাট সদরের মনোরাম গ্রামের হাসান বসুনিয়া (২২)। স্থানীয়দের বরাত দিয়ে এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, চতুরা গ্রামের মাহফুজার রহমান আনসারের চাকরি ছেড়ে দীর্ঘদিন থেকে বাড়িতে বসে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা চালিয়ে যাচ্ছেন। এছাড়া তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণারও অনেক অভিযোগ পেয়েছে গোয়েন্দা বিভাগ। আটক মোস্তাফিজুর রহমান উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে মোগলবাসা ইউনিয়নে কর্মরত। ইতিমধ্যে তাকে সাময়িক বরখাস্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মজনুন রহমান। রুহুল আমিন প্রাণিসম্পদ অধিদপ্তরে মাঠ পরিদর্শক পদে চাকরি করেন। গ্রেপ্তার হওয়ায় তাকে সাময়িক বরখাস্তের উদ্যোগ নিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। রাজারহাট থানার ওসি জানান, ঢাকা থেকে ই-মেইলে পাঠানো প্রশ্ন আব্দুল জলিল সরকারের বাড়িতে প্রিন্ট করার সময় ডিবি পুলিশের একটি দল ওই আট জনকে আটক করে। তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার গভীর রাতে সহকারী উপ-পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার দুই সেট প্রশ্নপত্রসহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও দুই শিক্ষার্থীকে আটক করা হয়। ওই প্রশ্নপত্রের সঙ্গেও পরীক্ষা কেন্দ্রে সরবরাহ করা প্রশ্নের মিল পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ২০মিনিট পর্যন্ত এই দুই পদে নিয়োগ পরীক্ষায় কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ৮ হাজার ৫৯৯ জন অংশ নেন। এদের মধ্যে সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদে কুড়িগ্রামের ৪ হাজার ৫৫৪ জন, লালমনিরহাটের ২ হাজার ৭৪৮ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কুড়িগ্রামের ৮২৮ জন এবং লালমনিরহাটের ৪৬৯ জন পরীক্ষার্থী রয়েছেন বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯১৫ ঘ.