সিলেট, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্থানীয় এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফুল মিয়ার (৩৫) লাশ পাওয়া যায়।
ফুল মিয়া বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ছিলেন। তিনি মচেধরপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে।
নিহতের চাচা আফতাব আলী বলেন, ফুল মিয়া রাতে তার বাড়ির পাশে নিজের মুদি দোকানে থাকতেন।
বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে দোকানে ঘুমাতে যান। সকালে বাড়ি না যাওয়ায় তার মা আমিনা খাতুন এসে দোকান তালাবন্ধ দেখেন।
ডাকাডাকি করে সাড়া না পেয়ে তালা ভেঙে দেখেন হাত-পা বাঁধা অবস্থায় ফুল মিয়ার লাশ মেঝেতে পড়ে আছে।
বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) চাঁন মিয়া বলেন, নিহতের বাম চোখের উপর এবং শরীরের বিভিন্ন জায়গায় জখম রয়েছে।
পূর্ব বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৬ ঘ.
bdnews24