সিরাজগঞ্জ, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহকর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠার পর চৌহালীর এক মাদ্রাসার অধ্যক্ষকে জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরিয়েছে গ্রামবাসী।
আলহেরা নুরানী হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি মঙ্গলবার মাদ্রাসার এক শিক্ষককে ধর্ষণের চেষ্টা চালান।
বৃহস্পতিবার গ্রামে সালিশে তাকে অপরাধী সাব্যস্ত করে জুতার মালা পরিয়ে ঘোরানো হয়।
ইব্রাহিমকে চাকরিচ্যুতও করা হয়েছে বলে মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মইনুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গ্রামবাসী জানায়, ওই শিক্ষককে বিভিন্নভাবে হয়রানির চেষ্টা করতেন ইব্রাহিম। এ নিয়ে মাদ্রাসার পরিচালনা পর্ষদে অভিযোগ করা হলে ক্ষিপ্ত হয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালান অধ্যক্ষ। ওই সময় তাকে হাতেনাতে ধরা হয়।
মইনুল হোসেন জানান, বুধবার পরিচালনা পর্ষদের সভায় অধ্যক্ষ ইব্রাহিমকে বরখাস্তের সিদ্ধান্ত হয়।
এরপর বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দুপুরে চরজাজুড়িয়া চেকির মোড় হাফিজিয়া মাদ্রাসা চত্বরে সালিশ বসে।
ঘোরজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সালিশে শিক্ষিকার আনা অভিযোগ স্বীকার করায় ইব্রাহিমকে গলায় জুতার মালা পরিয়ে পুরো গ্রাম ঘোরানো হয়েছে।
এই ধরনের অপরাধ যেন আর কেউ না করে সেজন্য গ্রামবাসী এই পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১২৭ ঘ.
bdnews24