গোপালগঞ্জ, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে দুই পক্ষের মারামারি থামানোর জের ধরে হামলায় এক সাংবাদিকসহ তিন জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া বাসস্ট্যান্ডে হামলায় আহত হন অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোরডটকমের স্টাফ ফটো সাংবাদিক খোন্দকার নাজমুল হাসান (৩২), স্থানীয় যুবক দিদার শেখ ( ২৫) ও ওলিউর রহমান মোল্লা (১৫)।
আহতদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাজমুল সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা।
সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, বিকাল ৪টার দিকে ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখাকে কেন্দ্র করে ভাটিয়াপাড়া গ্রামের স্কুলছাত্র রফিকুল ইসলামের সঙ্গে পাশের দক্ষিণ গোবরা গ্রামের সেতু শেখের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে রফিককে মারপিট করার জন্য সেতু শেখসহ তার লোকজন ধাওয়া দেয়। এ সময় ঘোনাপাড়া গ্রামের লোকজন এতে বাধা দিলে বিকেলে সেতু ও তার অনুসারীরা একা পেয়ে নাজমুলকে কুপিয়ে মারাত্মক জখম করে। মারধর থামাতে এসে আহত হন চর পাথালিয়া গ্রামের ওলিউর রহমান ও দক্ষিণ গোবরা গ্রামের দিদার।
নাজমুল হাসানের বোন খোন্দকার নাজমুন নাহার জানান, পাসপোর্ট ডেলিভারি নিতে নাজমুল ঢাকা থেকে বুধবার গোপালগঞ্জে এসেছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/২১১৯ ঘ.
bdnews24