২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত সন্দেহে আটক দুইজন রিমান্ডে

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 09:47 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। ওয়াহাব লিটু (৪৩) ও আশফাক-ই-জামান (৩৫) নামের এই দুই সন্দেহভাজন হিজবুতকর্মীকে রোববার গভীর রাতে রাজধানীর নর্দ্দা এলাকা থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের পরিদর্শক শহীদুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আদালতের বিচারক তানভীর আহমেদ তিন দিনের হেফাজত মঞ্জুর করেন বলে জানান কোর্ট পুলিশের সাধারণ নিবন্ধক ফরিদ হোসেন। পুলিশের দাবি, লিটু ও জামান গুলশান বারিধারা এলাকায় রাষ্ট্র ও সরকারবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রচারপত্র, কথিত খেলাফত রাষ্ট্রের নামে একটি খসড়া সংবিধান, বেশ কিছু ডায়েরি, তিনটি ল্যাপটপ ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়। তবে লিটু দাবি করেছেন, তিনি হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত নন। আগে বাবার ব্যবসা দেখতেন, এখন তাবলিগ নিয়ে ব্যস্ত। আর আশফাক স্থানীয় সরকারের অধীন একটি উন্নয়ন প্রকল্পের আইটি শাখার প্রধান হিসেবে কাজ করছিলেন। আশফাকের দাবি, তিনি নন, তার ছোট ভাই হিযবুত তাহরীর করতেন। তবে নিষিদ্ধ হওয়ার পর সে সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। গত ১৯ জানুয়ারি সেনাবাহিনী এক সংবাদ সম্মেলনে জানায়, কিছু ধর্মান্ধ সেনা সদস্যের সরকার উৎখাতচেষ্টা তারা নস্যাৎ করে দিয়েছে। ওই ব্যর্থ অভ্যুত্থানের কথিত পরিকল্পনাকারী মেজর সৈয়দ মো. জিয়াউল হক হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত বলেও সেনা কর্মকর্তারা জানান। এ ঘটনার পর থেকে সারা দেশে এই নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযান চলছে। আড়াই বছর আগে সরকার হিযবুত তাহরীর নিষিদ্ধ করলেও মাঝেমধ্যেই এ সংগঠনের নামে প্রচারপত্র বিলি ও পোস্টার সাঁটানো দেখা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/সিএস/জেকে/১৫৩০ ঘ.