২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে তিন শিবিরকর্মী গ্রেপ্তার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ভাংচুর এবং পুলিশ ও ছাত্রলীগের ওপর হামলার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের আরো তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2012, 11:48 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

সিলেট, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ভাংচুর এবং পুলিশ ও ছাত্রলীগের ওপর হামলার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের আরো তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনিয়ে গত ১৩ দিনে ৩৯ জন শিবির কর্মীকে গ্রেপ্তার করা হল। বুধবার ভোরে জালালাবাদ ও মোগলাবাজার থানা এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- আখালিয়া সুরমা আবাসিক এলাকার আকরাম আলীর দুই ছেলে শাহীন আহমদ (২৫) ও শাহরিয়ার কবির সেলিম (২০) ও গোটাটিকর এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম লিংকন (২৩)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা গত ১১ জানুয়ারি শাবিতে সংঘর্ষ, গাড়ি ভাংচুর পুলিশ ও ছাত্রলীগের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল আজাদ জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১১ জানুয়ারি যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত ইসলামীর সাবেক আমীর গোলাম আযমকে কারাগারে পাঠানোর পর শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল বের করলে শিবির কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে প্রায় ২০ জন আহত হয়। এ ঘটনায় জালালাবাদ থানায় পুলিশ বাদি হয়ে একটি ও ছাত্রলীগের পক্ষ থেকে দুটি মামলা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৪৩ ঘ.