মাদারীপুর, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাঞ্ছিত করার প্রতিবাদে ১০ ঘণ্টা কর্মবিরতি পালনের পর কাজে যোগ দিয়েছেন কালকিনি স্বাাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।
মঙ্গলবার কক্ষ ঝাড়– দিতে বলার জের ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে চতুর্থ শ্রেণীর কর্মচারী লিটন মিয়া লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা।
আবাসিক চিকিৎসক ডা. শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমানের সভাপতিত্বে এক বৈঠকে লিটন মিয়ার বিচারের আশ্বাসের পরিপ্র্রেক্ষিতে চিকিৎসকরা সন্ধ্যায় কর্মবিরতি প্রত্যহার করেছেন।
বৈঠকে অন্যদের মধ্যে ডা. মাহাবুব আজিজ, ডা. আদনান, প্রধান অফিস সহকারী সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
দোষী ঝাঁড়ুদারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১১৪৭ ঘ.
bdnews24