সিলেট, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিন ছাত্রকে আজীবন বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এছাড়া ক্যাম্পাসে সব ধরনের সভা সমাবেশও নিষিদ্ধ করা হয়।
মঙ্গলবার সন্ধ্যা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে প্রক্টর ড. আনোয়ার হোসেন জানান।
বহিস্কৃতরা হলেন- ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের লেভেল-০২ সেমিস্টার-০২ এর ছাত্র মো. ফারুক হোসেন, শিপলু রায় ও মো. নিজাম উদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফলাফল প্রকাশকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
তিনি জানান, গত ২০ জানুয়ারি বিশ্বদ্যিালয়ের ১৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কার্যকর হয় আজ (মঙ্গলবার) সন্ধ্যা থেকে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের ১৫তম ব্যাচের ফল প্রকাশিত হয়। এতে ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে মাত্র ১৮ জন।
এরপর অকৃতকার্য শিক্ষার্থীরা ফল পুনর্মূল্যায়নের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে ভাংচুর করে।
সোমবার রাতে প্রক্টর ড. আনোয়ার হোসেন বাদী হয়ে শাহপরান থানায় ৩৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেন।
এদিকে পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সেমিস্টার পদ্ধতি সংস্কারের দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দেয় শিক্ষার্থীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২২৫১ ঘ.
bdnews24