২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার আরেকটি এল ক্লাসিকো

স্প্যানিশ কিংস কাপ বা কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বুধবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। প্রথম লেগ রিয়ালের মাঠ থেকে ২-১ গোলে জিতে আসায় বার্সেলোনার সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 01:32 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্প্যানিশ কিংস কাপ বা কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বুধবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। প্রথম লেগ রিয়ালের মাঠ থেকে ২-১ গোলে জিতে আসায় বার্সেলোনার সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল। গত বুধবার প্রথম লেগে অতিরিক্ত রক্ষণাত্মক কৌশল অবলম্বন করায় তোপের মুখে পড়তে হয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহোকে। রিয়াল ভক্তদের দাবি, ঘরের মাঠে এগিয়ে গিয়েও মরিনহোর রক্ষণাত্মক কৌশলের কারণেই হেরে গেছে তাদের প্রিয় দল। যদিও এবারের মৌসুমটা ভালোই কাটছে রিয়ালের। স্পেনের লা লিগায় গত তিন বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে তারা আপাতত ৫ পয়েন্টে এগিয়ে আছে। লিগে ১৯ ম্যাচে মরিহোর দল ৬৭টি গোল করেছে। কিন্তু এল ক্লাসিকোতে কেন জানি সাফল্য পাচ্ছে না রিয়াল। গত মাসে লা লিগাতেও চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে ১-৩ গোলে হার মেনেছিলো স্পেনের সফলতম ক্লাবটি। সর্বশেষ ১৩টি এল ক্লাসিকোতে রিয়াল জিতেছে মাত্র একটি, গত বারের কোপা দেল রে’র ফাইনালে। হেরেছে নয়টিতে। বাকি তিন ম্যাচ ড্র। সর্বশেষ দুই ম্যাচে এগিয়ে গিয়েও হার মেনেছে রিয়াল। সান্টিয়াগো বার্নাব্যুতে গত সপ্তাহের হারের পর রিয়াল মাদ্রিদের অভ্যন্তরে অনৈক্যের গুঞ্জন শোনা গিয়েছিলো। তবে এই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে টুইটারে রিয়ালের ডিফেন্ডার সার্জিও র‌্যামোস লিখেছেন, “কে বলেছে আমাদের মধ্যে ভাঙ্গন ধরেছে? এটা পুরোপুরি বাজে কথা। আমাদের দলটি দারুণ এবং ভীষণ একতাবদ্ধ।” চোটের কারণে গত কয়েক দিন মাঠের বাইরে থাকা রিয়ালের ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া এই ম্যাচে খেলতে পারেন। তবে ডিফেন্ডার পেপেকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রথম লেগে মেসির হাত মাড়িয়ে দেয়ার পর গত রোববার লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে পেপেকে মাঠে নামাননি মরিনহো। ম্যাচটি রিয়াল জিতেছে ৪-১ গোলে। সেদিন লিওনেল মেসির হ্যাটট্রিকের সুবাদে বার্সেলোনাও ৪-১ গোলে হারিয়েছে মালাগাকে। বার্সার জার্সি গায়ে মেসির এটি দশম হ্যাটট্রিক। এই মৌসুমে এরই মধ্যে ৩৬ গোল করে ফেলেছেন ফিফা ব্যালন ডি’অর বিজয়ী। আক্রমণভাগে মেসির সঙ্গে দারুণ এক জুটি গড়া অ্যালেক্সিস সানচেজও ভালো ছন্দে আছেন। সর্বশেষ চার ম্যাচে তিন গোল করেছেন চিলির এই স্ট্রাইকার। প্রথম লেগ জিতলেও রিয়ালকে নিয়ে ভীষণ সতর্ক আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সেলোনার সা¤প্রতিক সাফল্যের অন্যতম রূপকার বলেন, “তারা লিগের শীর্ষে আছে এখন। কোপা দেল রে’র সেমিফাইনালে ওঠার সুযোগও আছে তাদের সামনে। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডেও পৌঁছে গেছে সহজেই। বাইরের থেকে কিছু শুনে তাদের দলে সমস্যা আছে কি না তা বুঝতে পারা সত্যিই কঠিন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯২৮ঘ.