ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি কন্টেইনার টার্মিনাল নির্মাণ বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করে নৌপরিবহন মন্ত্রণালয়কে সংসদীয় কমিটিতে উপস্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
নৌ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মঙ্গলবারের বৈঠকে এ সুপারিশ হয় বলে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়।
কমিটির সভাপতি হুইপ নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্ব বৈঠকে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল নির্মাণ কাজ শেষ করে আগামী বৈঠকে কমিটিকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়। খানপুর কন্টেইনার টার্মিনাল নির্মাণ বিষয়ে আগামী বৈঠকে কমিটিকে একটি ইতিবাচক সিদ্ধান্ত জানানোর সুপারিশও হয়।
বৈঠকে বেসরকারি কন্টেইনার টার্মিনাল নির্মাণ বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রস্তুত করে আগামী বৈঠকে কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়। কোন প্রাইভেট কন্টেইনার টার্মিনাল নির্মাণে ইতিমধ্যে অনুমতি ইতিমধ্যে দেওয়া হয়ে থাকলে কোন নীতিমালা বা শর্তের আলোকে দেওয়া হয়েছে তাও কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।
এছাড়া মাওয়া-কেওড়াকান্দি নৌরুটে সার্ভেবিহীন কোনো লঞ্চ যেন চলাচল না করে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়।
কমিটির সদস্য নৌপরিবহনমন্ত্রী মো. শাহজাহান খান, গোলাম কিবরিয়া টিপু, হাবিবুন নাহার, সামশুল হক চৌধুরী, রআম উবায়দুল মোকতাদির চৌধুরী ও মো. নজরুল ইসলাম বাবু বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৭৪৯ ঘ.
bdnews24