ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ধোবাউড়ায় আলোচিত তিন কৃষককে হত্যা মামলার রায়ের তারিখ আগামী ৭ ফেব্র“য়ারি ধার্য হয়েছে।
মামলার যুক্তিতর্কের শুনানি শেষে মঙ্গলবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম সাজেদুর রহমান এ তারিখ রাখেন।
একই সঙ্গে আসামিদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন তিনি।
২০০৬ সালের ২২ জানুয়ারি বিরোধপূর্ণ জমিতে ধান বুনতে গেলে ধোবাউড়ার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের চোরের ভিটা গ্রামের হরিদাস সূত্রধর, নিরঞ্জন সূত্রধর ও বিমল সূত্রধর প্রতিপক্ষের হামলায় নিহত হন। এ সময় আহত হন আরো পাঁচ জন।
এ ঘটনায় স্থানীয় যুবদল নেতা মোতাহার হেসেন প্রদীপসহ ১৬ জনকে আসামি করে বিমল সূত্রধরের ভাই শ্যামল সূত্রধর ধোবাউরা থানায় একটি মামলা করেন। আসামিদের মধ্যে ওমর আলী, এরশাদ আলী, মো. রবিকুল, মো. শফিকুল, আল আমিন, বুলবুল, রহিমা, হোসনে আরা ও রোকেয়া পলাতক রয়েছেন। এতোদিন জামিনে ছিলেন, মোতাহার হোসেন প্রদীপ, আবদুর রহিম, আবদুর রাজ্জাক, জিয়াউল হক জুয়েল, মো. হানিফ, আশরাফ আলী।
এ ছাড়া অপর আসামি আনিসুর রহমান মানিকের বিরুদ্ধে মামলার বিচার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে।
গত ২৮ নভেম্বর এ মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি গ্রহণের পর দুইটি ভিন্ন তারিখে দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি অনুষ্ঠিত হয়। পরে ১৩ ডিসেম্বর আসামিপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ সপ্তাহের জন্য মামলাটির বিচার কার্যক্রমে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। তবে ৯ জানুয়ারি আপিল বিভাগে তা বাতিল হয়ে যায়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী এ ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি মাহবুবুর রহমান জানান, “বিচারে প্রতিবন্ধকতা সৃষ্টি ও সময় ক্ষেপণের জন্য আসামিপক্ষ বার বার বিভিন্ন অজুহাতে হাইকোর্ট বিভিন্ন আবেদন করলেও হাইকোর্ট সে আবেদন নাকচ করে দিয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৬০০ ঘ.
bdnews24