ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলীতে এক অটোরিকশা ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে মুখোশধারী সন্ত্রাসীরা।
নিহতের নাম সাজেদুর রহমান সাজু (৩২)। তিনি পূর্ব জুরাইনের সর্দার রোডে থাকতেন বলে জানায় পুলিশ। এ ঘটনায় ওই ব্যবসায়ীর বাড়ির তত্ত্বাবধায়কও আহত হন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্ব জুরাইনের বুড়ি মসজিদের পাশের একটি মাঠে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
আহত তত্ত্বাবধায়ক বিল্লাল হোসেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, “ওই সময় সাজু মাঠে ব্যাডমিন্টন খেলছিলেন। হঠাৎ সাত-আটজন মুখোশধারী সন্ত্রাসী এসে তাকে গুলি করে মাটিতে ফেলে কোপাতে থাকে। সাজুকে বাঁচাতে এগিয়ে এলে সন্ত্রাসীরা আমাকে একটি কোপ দেয়।”
সাজু ঢাকা জেলা অটো রিকশা শ্রমিক পরিষদের যুগ্ম আহ্বায়ক বলে তিনি জানান।
বিল্লাল বলেন, “ওই সংগঠনের সভাপতি ওয়াসিমের সঙ্গে সাজুর বিরোধ রয়েছে।”
সাজুর কয়েকটি অটোরিকশা রয়েছে বলে জানান তিনি।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাজু ও বিল্লালকে সুমন নামে এক যুবক রাত সোয়া ৮টার দিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২২০৮ ঘ.
bdnews24