২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপুল সরঞ্জামসহ জাল টাকা ছাপানো চক্রের সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি বাড়ি থেকে জাল টাকা ছাপানোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2012, 03:43 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি বাড়ি থেকে জাল টাকা ছাপানোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে গাউছিয়া মার্কেটের পেছনে শিংলাবো এলাকা থেকে বাদশা মিয়াকে (৩৮) গ্রেপ্তার করা হয়। এ সময় পাঁচ লাখ টাকার জাল নোট, এক কোটি টাকার প্রসেসড পেপার, জাল টাকা ছাপার কাজে ব্যবহৃত তিনটি প্রিন্টার, আটটি ডাইস মেশিন উদ্ধার করা হয়েছে। বাদশা মৌলভিবাজার জেলার কুলাউড়া থানার বড়াই গ্রামের সামাদ মিয়ার ছেলে। পুলিশ জানায়, সারাদেশে পাঁচ শতাধিক এজেন্টের মাধ্যমে জাল টাকা ছড়িয়ে দেওয়া হয় বলে এই চক্রের গ্রেপ্তারকৃত আরেক সদস্য আব্দুর রশিদ (৫৭) স্বীকার করেন। জেলা পুলিশ সুপার শেখ নাজমূল আলম ভূলতা পুলিশ ফাঁড়িতে সাংবাদিকদের এ তথ্য জানান। ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ মোহাম্মদ আওলাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার শিংলাবো এলাকায় আলামিন মিয়ার বাড়ি ভাড়া নিয়ে জালনোট ছাপানোর খবর পেয়ে শনিবার দুপুরে অভিযান চালানো বাদশাকে গ্রেপ্তার এবং সরঞ্জামগুলি উদ্ধার হয়। তিনি বলেন, “এসব পেপার দিয়ে প্রায় এক কোটি টাকার জাল নোট ছাপানো সম্ভব।” জিজ্ঞাসাবাদে বাদশা গত দুই মাস ধরে এ বাড়ি ভাড়া নিয়ে এ জাল টাকা ছাপানোর কাজ করার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/২১২৬ ঘ.