সিলেট, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে সিলেটে শনিবার শুরু হচ্ছে দিনব্যাপী শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী।
নগরীর রিকাবীবাজারে সিলেট অডিটোরিয়ামে এই প্রদর্শনীর আয়োজন করেছে সিলেট ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।
‘চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ’র উদ্যোগে শনিবার থেকে দেশের সব বিভাগীয় শহরে একযোগে শুরু হচ্ছে ৫ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি, সিলেট’র প্রধান সমন্বয়ক রাজন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা, দুপুর ২টা, বিকাল ৪টা ও সন্ধ্যা ৬টায় চারবার করে ছবি প্রদর্শিত হবে।
এ সময় ১৬টি দেশের ২৩টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। এই আয়োজনে শিশু কিশোরদের বিনামূল্যে প্রদর্শনী উপভোগ করার ব্যবস্থা করা হয়েছে, বলেন রাজন দাশ।
শনিবার সন্ধ্যা ৬টায় শহরের বালুচরে সিলেট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১৩৮ ঘ.
bdnews24