২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর নির্দেশেও শুরু হয়নি সংস্কার কাজ

যোগাযোগমন্ত্রী নির্দেশ দেওয়ার ১৩ দিন পরও ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের দুই কিলোমিটার অংশের সংস্কার কাজ শুরু হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 02:35 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগমন্ত্রী নির্দেশ দেওয়ার ১৩ দিন পরও ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের দুই কিলোমিটার অংশের সংস্কার কাজ শুরু হয়নি। সড়ক ও জনপথ অধিদপ্তরের দাবি, সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৭ জানুয়ারি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের পরিদর্শনে এসে সড়কটির বেহাল অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং ওইদিন থেকেই সংস্কার কাজ শুরুর নির্দেশ দেন। স্থানীয়দের অভিযোগ, মন্ত্রীর নির্দেশের পর সওজ কয়েকটি স্থানে এক ট্রাকের মতো বালু মিশ্রিত পাথর এনে রাস্তার পাশে রেখে দিয়েছে। এছাড়া বুধবার (১৮ জানুয়ারি) সওজ বুলডেজার দিয়ে শহরের চাঁদমারী জেলা পরিষদের সামনে থেকে জেলা কারাগার পর্যন্ত সড়কটির উঁচুনিচু অংশ সমান করলেও গর্ত ভরাট করা হয়নি। এ ব্যাপারে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক রফিউর রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়কটি সংস্কারের ব্যাপারে সওজ নারায়ণগঞ্জ বিভাগীয় প্রকৌশলী তুষার কান্তি সাহাকে লিখিতভাবে জানানো হলেও তিনি কোনো কার্যকর উদ্যোগ নেননি। বুধবার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তুষার কান্তি সাহা জানান, লিংক রোডটি চার লেনে উন্নীতকরণে ৬০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছিল। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় ঠিকাদারের ১০ কোটি টাকা বিল পরিশোধ করা যায়নি। ফলে ঠিকাদার কাজ বন্ধ করে দেয় বলে জানান তিনি। তিনি আরো বলেন, “মন্ত্রী মহোদয়ের নির্দেশের পর সড়কটির সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। মালামাল আনা হচ্ছে। আগামী এপ্রিলের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন হবে।” জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়কটি সংস্কারে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে। “আগামী তিন মাসের মধ্যে সড়কটি সংস্কারে বরাদ্দ করা অর্থের টাকা খরচ করতে হবে।” তিনি নিজেও এ সড়ক সংস্কার কাজের খোঁজ খবর নিচ্ছেন বলে জানান। সওজ কার্যালয় থেকে জানা যায়, ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ২০১১ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের বিকল্প ও প্র্যাকটিস ম্যাচের ভেন্যু হওয়ায় রাস্তাটি চার লেনে উন্নীতকরণের কাজ শুরু করে সওজ। বিশ্বকাপ ক্রিকেট শুরুর আগেই লিংকরোডের সাইনবোর্ডের মোড় থেকে স্টেডিয়াম পর্যন্ত প্রায় ছয় কিলোমিটারের কাজ সম্পন্ন হয়। কিন্তু অর্থ বরাদ্দ না থাকায় ফতুল্লার শিবু মার্কেট থেকে চাষাঢ়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার অংশের সংস্কার কাজ বন্ধ থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০০০ ঘ.