গাজীপুর, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় একটি তৈরি পোশাক কারখানায় এক শ্রমিক খুন হয়েছেন।
কোনাবাড়ি বিসিক শিল্পনগরীতে ফরচুনা নিট ফেব্রিকস-এ বৃহস্পতিবার রাতে খুন হন আবুল হোসেন (২৮)। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। আবুল হোসেন ময়মনসিংহের গৌরিপুর উপজেলার মুকুরিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।
কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সুজায়েত বলেন, রাতে ওই কারখানায় হৃদয়, রাজু ও আবুল হোসেন কাজ করছিলেন। তাই ধারণা করা হচ্ছে- রাতের কোনো এক সময় হৃদয় ও রাজু মিলে সহকর্মী আবুলকে খুন করে পালিয়েছে।
নিহতের মাথা, কপাল ও চোখে আঘাতে চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা লোহার হ্যান্ডেল উদ্ধার করা হয়েছে। তাই ওটা দিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কারখানার মালিক জাহাঙ্গীর আলম বলেন, ওই রাতে কারখানায় ওই তিন শ্রমিক ছাড়া অন্য কেউ কাজে ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৫৩ ঘ.
bdnews24