২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে খুন করে আটোরিকশা ছিনতাই

গাজীপুর মালিককে খুন ও চালকের শ্বাসনালী কেটে একটি সিএনজি চালিত আটোরিকশা নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 05:32 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

গাজীপুর, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর মালিককে খুন ও চালকের শ্বাসনালী কেটে একটি সিএনজি চালিত আটোরিকশা নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। নিহত খোকনের (৩৫) বাড়ি নরসিংদীর মনোহরদী থানার দক্ষিণ বারদিয়া গ্রামে। আহত চালক জসিম উদ্দিন (২০) গাজীপুর হাসপাতালে চিকিৎসাধীন। গাজীপুরের শ্রীপুর থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, কামরুল নামের এক ছিনতাইকারী গাজীপুরের শ্রীপুরে তার এক অসুস্থ বোনকে দেখতে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার সকালে নরসিংদী থেকে এক হাজার টাকায় অটোরিকশাটি ভাড়া নেয়। গাড়ির মালিক খোকনও চালক জসিমের নিরাপত্তার স্বার্থে সঙ্গে আসেন। দুপুরে কামরুল বাঘের বাজার এলাকায় এক বাসায় দুপুরের খাবার খায়। সন্ধ্যার পর অটোরিকসাযোগে ওই বাড়ি থেকে কামরুল বোনের বাসার উদ্দেশ্যে রওয়ানা দেয়। সিএনজিটি বাঘের বাজারের ২ কিলোমিটার পূর্বে সিংরাতলী এলাকায় গজারি বনে পৌঁছালে সিএনজিটিকে থামিয়ে চার ছিনতাইকারী প্রথমে খোকনকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে খুন করে। এ সময় চালক জসিমকেও গলায় আঘাত করে হত্যার চেষ্টা করা হয়। কিন্তু জসিম গুরুতর আহত অবস্থায় পালিয়ে যান। পরে এলাকাবাসী এগিয়ে এলে ছিনতাইকারীরা সিএনজি নিয়ে দ্রুত পালিয়ে যায়। এসআই রাজ্জাক জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে রাতে হতাহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে যাত্রী কামরুলের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১১২২ ঘ.