২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমার জুমায় লাখো মুসল্লি

তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে জুমার নামাজ পড়েছেন লাখো মুসল্লি। রোববার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে তাবলিগ জামাতের এবারের বার্ষিক সম্মিলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 04:45 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

গাজীপুর, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে জুমার নামাজ পড়েছেন লাখো মুসল্লি। রোববার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে তাবলিগ জামাতের এবারের বার্ষিক সম্মিলন। চার দিন বিরতরি পর শুক্রবার ফজরের নামাজ শেষে পাকিস্তান থেকে আসা মাওলানা এহসানের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্ব। আগে এক পর্বে হলেও গত বছর থেকে দুই পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। এবার প্রথম পর্ব গত শুক্রবার শুরু হয়ে রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। ইজতেমায় অংশ নিতে ৩২টি জেলা থেকে মুসল্লিরা বৃহস্পতিবার রাত থেকেই ইজতেমা ময়দানে জড়ো হতে থাকেন। তাদের সঙ্গে ছিলেন তাবলিগ জামাতের বিদেশি সদস্যরাও। শুক্রবারের জুমার নামাজে অংশ নিতে ভোর থেকেই ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জের লক্ষাধিক মানুষ ইজতেমাস্থলে সমবেত হন। তাদের আল্লাহু আকবর ধ্বনিতে ময়দান মুখরিত হয়ে ওঠে। কাকরাইল মসজিদের ইমাম হাফেজ জোবায়েরের ইমামতিতে কয়েক লাখ মানুষ জুমার জামাতে অংশ নেন। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মূল সড়ক ও আশপাশের অলি-গলিসহ যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে নামাজে শরিক হন। বিদেশি মুসল্লিদের জন্য মাঠের উত্তর-পশ্চিম কোনে টিনের বেড়া ও চাল দিয়ে সুরক্ষিত ক্যাম্প নির্মাণ এবং তাতে পানি, গ্যাস, বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ দেওয়া হয়েছে। ইজতেমাস্থলে সার্বক্ষণিক পানি ও বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ওয়াপদা, ওয়াসা ও বিদ্যুৎ কর্তৃপক্ষ বেশ কয়েকটি জেনারেটর চালু করেছে। ইজতেমা চলাকালে মুসল্লিদের অজু, গোসল, রান্না-বান্না ও টয়লেটের জন্য বেশ কয়েকটি পাম্পের মাধ্যমে সার্বক্ষণিক পানি সরবরাহের পাশাপাশি ট্যাঙ্কার ও ট্রলির মাধ্যমে প্রয়োজনীয় বিশুদ্ধ খাবার পানির সরবরাহ করা হচ্ছে। এক মুসল্লির মৃত্যু ইজতেমার দ্বিতীয় দফর প্রথম প্রহরেই হৃদরোগে এক মুসল্লির মৃত্যু হয়েছে। মো. আফজাল হোসেন (৭৫) নামের এই ব্যক্তির বাড়ি সুনামগঞ্জে। ইজতেমা ময়দানে জুমার পর তার জানাজা হয়। নিরাপত্তা আগের মতো দ্বিতীয় পর্বেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশ সুউচ্চ কয়েকটি পর্যবেক্ষণ টাওয়ার বসানো হয়েছে। র‌্যাব সদস্যরা টাওয়ার থেকে ইজতেমাস্থল পর্যবেক্ষণ করছেন। হেলিকপ্টার ও তুরাগ নদীতে স্পিড বোট ব্যবহার করেও টহলের ব্যবস্থা করা হয়েছে। মাঠের প্রবেশ পথে ও আশপাশের এলাকায় পুলিশ, র‌্যাব ও সাদা পোশাকধারী পুলিশসহ গোয়েন্দা বিভাগের সদস্যরা কড়া নজরদারি করছেন। প্রতিটি গেট ও গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা ও ভিডিও ক্যামেরা বসানো হয়েছে। র‌্যাব ছাড়াও পুলিশ ও জেলা প্রশাসন এবং টঙ্গী পৌরসভার উদ্যোগে ইজতেমা এলাকায় পৃথক কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। মাঠে প্রবেশকারীদের মধ্যে সন্দেহভাজনদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাসি চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৯৪৮ ঘ.