২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবর থেকে তোলা হলো মেঘনার লাশ

দাফনের ১৩ দিন পর হাইকোর্টের নির্দেশে উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্রী নুসরাৎ জাহান মেঘনার লাশ কবর থেকে তোলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

গাজীপুর, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাফনের ১৩ দিন পর হাইকোর্টের নির্দেশে উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্রী নুসরাৎ জাহান মেঘনার লাশ কবর থেকে তোলা হয়েছে। বৃহস্পতিবার বিকালে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। উত্তরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মেঘনা গত ৫ জানুয়ারি শ্বশুর বাড়িতে মারা যান। তার মৃতদেহের ময়নাতদন্তে বলা হয়, তিনি আত্মহত্যা করেছেন। তবে মেঘনার পরিবারের অভিযোগ, নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। শ্বশুরবাড়ির লোকজনের প্রভাবে ময়নাতদন্তের প্রতিবেদনও সঠিকভাবে করা হয়নি। মেঘনার পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকলেও সিভিল সার্জন হাবীবুল্লাহ ও লিয়াকত আলী সঠিকভাবে ময়নাতদন্ত প্রতিবেদন দেননি এবং এতে সিভিল সার্জনের স্বাক্ষরও নেই। এরপর মেঘনার মা পুনঃময়নাতদন্তের জন্য হাইকোর্টে রিট আবেদনে মঙ্গলবার আদালত মেঘনার লাশ কবর থেকে তুলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাতে গাজীপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেয়। মেঘনা ২০১০ সালে সতীর্থ মো. নাইম আহমেদকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর তিনি টঙ্গীতে শ্বশুরবাড়িতে আসা-যাওয়া করতেন। আগামী ২৭ জানুয়ারি তাদের বিবাহোত্তর অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এর মধ্যে ছেলে পক্ষ ১৫ লাখ টাকা যৌতুক দাবি করে বলে অভিযোগ মেঘনার পরিবারের। তারা আরো জানায়, পরে ১৫ লাখ টাকার ঘর সাজানোর উপকরণ দিতে রাজি হলেও ছেলেপক্ষ নগদ অর্থের জন্য চাপ দিতে থাকে। এর মধ্যেই ৫ জানুয়ারি নাইমের পরিবার মেঘনার বাবার বাড়িতে ফোন করে তার ‘আত্মহত্যা’র কথা জানায়। প্রথম ময়নাতদন্ত শেষে গত ৬ জানুয়ারি মেঘনাকে তার বাবার বাড়ির কবরস্থানে দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২১৫০ ঘ.