দিনাজপুর, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বিরামপুর থানার ওসি (ক্লোজড) এ টি এম আমিনুল ইসলামের বিরুদ্ধে তিন সহকর্মীর শ্লীলতাহানির চেষ্টায় জড়িত থাকার অভিযোগের প্রমাণ মিলেছে।
বৃহস্পতিবার দিনাজপুরের পুলিশ সুপার ময়নুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।
তিনি বলেন, ঘটনার তদন্তে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ওসি আমিনুলের বিরুদ্ধে মহিলা পুলিশের শ্লীলতাহানির অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
“রিপোর্টটি বুধবার সদর দপ্তরে পাঠানো হয়েছে। সদর দপ্তর থেকে পরবর্তী নির্দেশ পাওয়া মাত্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে,” বলেন পুলিশ সুপার।
গত ১১ জানুয়ারি মধ্যরাতে ওসি আমিনুল ইসলাম তিন নারী পুলিশ কনস্টেবলকে তার কোয়ার্টারে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন।
বিষয়টি গণমাধ্যমে আসার পর ১২ জুন ওসি আমিনুলকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে আনা হয়। এরপর অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৯২৫ ঘ.
bdnews24