ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের হিসাব বিবরণী চেয়ে দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সালমা ইসলামকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিসের বিষয়ে হাইকোর্টের আদেশ ১৫ মার্চ পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ।
দুদকের করা আপিল করার আবেদনে (লিভ টু আপিল) বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।
গত বছরের ১১ অক্টোবর সম্পদের হিসাব বিবরণী চেয়ে দুদক সালমা ইসলামকে নোটিস দেয়। এ নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে সালমা হাইকোর্টে রিট আবেদন করলে ২৯ নভেম্বর ওই নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল দেয় হাইকোর্ট। একইসঙ্গে নোটিসটির কার্যকারিতা স্থগিত করে দেয়।
এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে দুদক।
দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের লিভ টু আপিল আবেদন শুনানি করে আদালত হাইকোর্টের আদেশ ১৫ মার্চ পর্যন্ত স্থগিত করে দিয়েছে। ওইদিন পূর্ণাঙ্গ কোর্টে এর শুনানি হবে।”
তিনি জানান, এ আদেশের ফলে দুদকের নোটিশ কার্যকারিতা চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৮৪২ ঘ.
bdnews24