গাজীপুর, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাস্তা পার হওয়ার সময় বাসচাপা পড়ে এক পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় গাজীপুরের বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন।
নওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে সদর উপজেলার বড়বাড়ি এলাকায় দুর্ঘটনায় পড়েন স্থানীয় বেস্ট গার্মেন্টের কর্মী শিউলি (২০)। রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিক্ষুব্ধ পোশাক শ্রমিক ও স্থানীয় জনতা এর পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে। এ সময় দুটি বাসে আগুন জ্বালিয়ে দেয় তারা।
এক পর্যায়ে পুলিশ বাধা দিতে গেলে তাদের সঙ্গেও সংঘর্ষে জড়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং শ্রমিকদের ইট-পাটকেল নিক্ষেপের মধ্যে পড়ে বেশ কয়েকজন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
উপ পরিদর্শক ইকবাল জানান, সাড়ে ১০টার পর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল আবার শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১০০ ঘ.
bdnews24