মানিকগঞ্জ, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এসেছে।
বুধবার বিকালে মানিকগঞ্জে এক জনসভায় তিনি বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে ২০০১ সালে যাওয়ার সময় তারা চালের দাম রেখে যান ১০ টাকা। পরবর্তীতে চারদলীয় জোট ক্ষমাতায় এলে জনগণ ৪০ টাকা কেজি দরে চাল কেনে।
“এবার আবারো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসে,” বলেন আওয়ামী লীগ সভানেত্রী।
মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ২৮ মিনিটের বক্তৃতায় সরকারের নানা উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী।
শিক্ষা খাতে ব্যাপক উন্নয়নের দাবি করে তিনি বলেন, এখন মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীরা বছরের প্রথম দিনই বিনামূল্যে বই পাচ্ছে। শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষায় অগ্রগতি করানোর পাশাপাশি স্বল্পমূল্যে ল্যাপটপও দিচ্ছে সরকার।
আগামীতে প্রতি শিক্ষার্থীর হাতে দোয়েল ল্যাপটপ পৌঁছে দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, কৃষিখাতেও এ সরকারের ভূমিকা প্রশংসনীয়। কৃষকরা এখন ব্যাংক একাউন্ট খুলতে পারেন। ব্যাংক থেকে সহজ কিস্তিতে ঋণ নিয়ে চাষাবাদের সুযোগ পাচ্ছেন।
একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে সরকারের অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের বিচার অবশ্যই হবে, কারণ এটা জনগণের দাবি। বিএনপি যতই তাদের সঙ্গে জোট বাঁধুক না কেন, তাদের বিচারের মুখোমুখি হতেই হবে।
চারদলীয় জোট আমলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তখন দেশে উৎসব পালনের কোনো পরিবেশ ছিল না। কিন্তু এখন বিজয় দিবস, পহেলা বৈশাখসহ সব উৎসব আনন্দমুখর পরিবেশে পালন করতে পারে মানুষ।
“বিএনপি অত্যাচার, লুটপাট ও দুর্নীতি করেছে, দেশের উন্নয়নে কোনো কাজ করেনি। তারা জিয়া অরফানেজের এতিমদের টাকা আত্মসাৎ করেছে। বোমাবাজি, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশের মানুষকে অতিষ্ঠ করে ফেলেছিল তারা। এ কারণেই তাদের ভরাডুবি হয়েছে,” বলেন তিনি।
মানিকগঞ্জের উন্নয়নের প্রতিশ্র“তি দিয়ে শেখ হাসিনা বলেন, শিবালয় উজেলার আরিচা ঘাট এলাকায় পাওয়ার প্ল্যান্ট হবে। এতে এলাকার মানুষের বিদ্যুৎ সমস্যা থাকবে না। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য এ এলাকায় শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা হবে।
জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সংসদ সদস্য জাহিদ মালেক স্বপনসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯৫৯ ঘ.
bdnews24