ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের নিমতলা এলাকার বাবুরাইল খাল ভরাট করে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ বন্ধ করতে সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ নির্দেশ দেন।
অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এক সপ্তাহ আগে পরিবেশ অধিদপ্তরের ‘মিট দ্যা পিপল’ অনুষ্ঠানে বাবুরাইল খাল ভরাটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এর প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর ও বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল তদন্ত করে দেখতে পায়, টানবাজার হংস হলের পশ্চিম পাশে মন্ডলপাড়া ব্রিজ পর্যন্ত খালটি সিটি কর্পোরেশনের বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য ভরাট করা হয়েছে।
শীতলক্ষ্যা নদীর সঙ্গে যুক্ত প্রায় ১৪ একর এ খাল ভরাটের ফলে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাকে বৃহস্পতিবার বেলা ১২টায় পরিচালকের (এনফোর্সমেন্ট) দপ্তরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা প্রদানেরও নির্দেশ দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/পিডি/১৯১৬ ঘ.
bdnews24