ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতলক্ষ্যা নদী দূষণ করে কারখানা পরিচালনার অপরাধে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ফতুল্লায় মদিনা ডাইং ও প্রিন্টিং কারখানাকে ১৪ লাখ টাকা জরিমানা করে তা স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেন।
অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারখানাটি পরিবেশ ছাড়পত্র, বিনিয়োগ বোর্ডের নিবন্ধন, কাস্টমস ভ্যাট নিবন্ধন, ট্রেড লাইসেন্স ছাড়াই প্রায় ৭-৮ বছর ধরে বেআইনীভাবে পরিচালিত হচ্ছিল।
এ কারখানা থেকে ৪৪ হাজার ঘনমিটার দূষিত ও বিষাক্ত বর্জ্য এ পর্যন্ত শীতলক্ষ্যা নদীতে নির্গত হয়েছে।
যত দ্রুত সম্ভব কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং যন্ত্রপাতি সরিয়ে নিতে কারখানার মালিক ফারুক চৌধুরীকে বলা হয়েছে বলে বলা হয় বিজ্ঞপ্তিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/আরএ/১৮৪০ ঘ.
bdnews24