বান্দরবান, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান বোমাং সার্কেলের ঐতিহ্যবাহী উৎসব রাজপুণ্যাহ বৃহস্পতিবার শুরু হচ্ছে। সপ্তাহব্যাপী এ উৎসব চলবে বুধবার পর্যন্ত।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বোমাং সার্কেল চিফ (বোমাং রাজা) অংশৈপ্রু চৌধুরী (৯৭) প্রজাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে খাজনা গ্রহণের মধ্য দিয়ে উৎসব উদ্বোধন করবেন।
সার্কেলের প্রজাদের কাছ থেকে বার্ষিক ফসল ও ভূমি কর আদায়ের জন্য বোমাং রাজার বাড়ির সামনে খাজনা আদায়ের আনুষ্ঠানকে রাজপুণ্যাহ বলা হয়। ১৮৭৬ সাল থেকে এ উৎসব চলে আসছে।
রাজপুণ্যাহ উপলক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে উৎসবকে কেন্দ্র করে শহরের রাজার মাঠ ও আশপাশ এলাকায় শত শত দোকান-পাট বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে।
বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে যাত্রা, হাউজী, মোটরসাইকেল মৃত্যুকুপ, বিচিত্রানুষ্ঠান ও পুতুল নাচ।
রাজবাড়ি থেকে পাঠানো বোমাং রাজা অংশৈপ্রু চৌধুরী স্বাক্ষরিত আমন্ত্রণপত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় রাজবাড়ির খাজনা আদায়ের জন্য অস্থায়ী দরবার হলে (মঞ্চে) অতিথিদের বরণ করে নেওয়া হবে রাজবাড়ির পক্ষ থেকে। সকাল সোয়া ১১টায় আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন।
দুপুর ১২টায় রাজা অতিথি ও প্রজাদের উদ্দেশে বক্তব্য রাখবেন। এরপরই আনুষ্ঠানিকভাবে মৌজা প্রধান হেডম্যান এবং পাড়া প্রধান কারবারীরা রাজাকে খাজনা প্রদান করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭৩৬ ঘ.
bdnews24