২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দুর্নীতি কমলে প্রবৃদ্ধি ৮% হওয়া সম্ভব’

জনপ্রশাসনের সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতি কমানো গেলে জিডিপি ৮ শতাংশ পর্যন্ত নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উদেষ্টা এইচটি ইমাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 10:14 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতি কমানো গেলে জিডিপি ৮ শতাংশ পর্যন্ত নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উদেষ্টা এইচটি ইমাম। বুধবার সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আয়োজিত এক সম্মেলনে ইমাম এ কথা বলেন। ‘স্থানীয়ভাবে প্রাসঙ্গিক ২য় প্রজন্মের নাগরিক সনদ’ শীর্ষক এই জাতীয় সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “নাগরিক সনদ গণতন্ত্র চর্চায় অতি সা¤প্রতিক একটা বিষয়। স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা এবং সেবা প্রদানকারী ও সেবা গ্রহীতার মধ্যে এটি একটি সেতু তৈরি করে।” প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দুর্নীতি কমানো, সরকারি প্রতিষ্ঠানগুলোতে গতিশীলতা বৃদ্ধি এবং জনগণকে সচেতন করার ক্ষেত্রে নাগরিক সনদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি সরকারি কর্মচারীদের অপচয় কমানোর আহ্বান জানিয়ে বলেন, “অনেকে নিজের বিষয়ে সচেতন থাকলেও সরকারের বিষয়ে যেন গৌরীসেন। আমি অনেক সময় লজ্জিতই হই।” সম্মেলনে প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির বলেন, “নাগরিক সনদ সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ। প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, বেসরকারি প্রতিষ্ঠান এবং পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোরও নাগরিক সনদ থাকা প্রয়োজন।” বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিজনার জনপ্রশাসনের দক্ষতা বাড়ানোর সঙ্গে সঙ্গে নাগরিক সেবা নিশ্চিত করা এবং তা তদারকির জন্য সুশীল-সরকারি প্রতিনিধিদের অংশগ্রহণে কেন্দ্রীয় মনিটরিং সেল তৈরির সুপারিশ করেন। সিভিল সার্ভিস চেঞ্জ ম্যানেজমেন্ট প্রোগ্রামের আওতায় দেশের সাত বিভাগের ১৫টি জেলার ৫২ প্রতিষ্ঠানে দ্বিতীয় প্রজন্মের নাগরিক সনদ প্রণয়ন ও বাস্তবায়নের কাজ চলছে। ইতোমধ্যে ২৪টি প্রতিষ্ঠান এই সনদ প্রদানের কাজ সম্পন্ন করেছে। সেমিনারে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান শিকদার। ‘সরকারি প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছ, দায়বদ্ধ ও জনমুখী সেবা প্রদানে নাগরিক সনদের ভূমিকা’ শীর্ষক কার্যপত্র উপস্থাপন করেন সিভিল সার্ভিস চেঞ্জ ম্যানেজমেন্ট প্রোগ্রামের বিশেষজ্ঞ এম. রফিকুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/১৬১৪ ঘ.